বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পাঁচ লাখ টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জটিল রোগের চিকিৎসা বরাদ্দ থেকে প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের একটি চক্র। এ ঘটনায় কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয়ের সাবেক অফিস সহকারী সময় রঞ্জন চক্রবর্তীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।প্রধান অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মনিরুজ্জামান খান ও অনুসন্ধান দলের সদস্যরা বাদী হয়ে গতকাল বুধবার বিকেলে রাজধানীর রমনা মডেল থানায় আসামিদের বিরুদ্ধে সাতটি মামলা করেন। প্রতিটি মামলায় এক নম্বর আসামি সময় রঞ্জন। অন্য আসামিরা হলেন: মো. মিলন, মো. শাহীন, ইউসুফ আলী খান, মো. মনিরুজ্জামান, ফারুক হাওলাদার, চান মিয়া ও বেল্লাল হোসেন সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে দুদকের উপপরিচালক মনিরুজ্জামান খান বলেন, দুদকের একটি দল ওই আট ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তথ্য-প্রমাণ পেয়েছে। আসামিরা পরস্পরের যোগসাজশে চার লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। তিনি জানান, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনা কমিটির ৪৯তম সভায় জটিল রোগের চিকিৎসার সাহায্যের জন্য সরকার যে বরাদ্দ দেয়, এর মধ্যে ৬৭ জন সন্দেহভাজন আবেদনকারীকে চিহ্নিত করা হয়েছে। ওই ৬৭ জন আবেদনকারীর সবাই ভুয়া তথ্য দিয়েছেন। তাঁদের অনেকে সরকারি চাকরিই করেন না, অথচ সরকার জটিল রোগের জন্য যে তহবিল দিয়ে থাকে, তার জন্য আবেদন করেছেন।অনুসন্ধান দলের সদস্য ও দুদকের সহকারী পরিচালক আলী আকবর বলেন, আদালতের অনুমতিক্রমে ওই চেকগ্রহীতাদের মধ্যে ১৭ জনের ব্যাংক হিসাবের তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। আরও ৩২টি ব্যাংক হিসাবের রেকর্ডপত্র সংগ্রহে আদালতের অনুমতি পাওয়া গেছে এবং রেকর্ডপত্র সংগ্রহের চেষ্টা চলছে। তাঁদের অধিকাংশই ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করেছেন।