বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
‘কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ গতকাল বুধবার থেকে ‘বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়’ হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি গতকাল বিশ্ববিদ্যালয় দিবস ২০১০ পালন করেছে। গতকাল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল প্রতিষ্ঠানটির বর্তমান ও পুরোনো শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতিচারণা, দ্বিতীয় পর্বে আলোচনা অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সভাপতি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য নিতাইচন্দ্র সূত্রধর। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতি নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নজরুল ইসলাম, ঢাকা-১১ আসনের সাংসদ আসাদুজ্জামান খান এবং প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ মাস্উদ আহ্মদ।শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাই, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমৃদ্ধ করবে আমাদের বস্ত্রশিল্প।’বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতি নজরুল ইসলাম নতুন এই বিশ্ববিদ্যালয়টির সমৃদ্ধি কামনা করেন। আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বিজয়ের এই মাসে নতুন এই প্রাপ্তিতে আমরা আনন্দিত।’