বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের অফুরন্ত সম্ভাবনা রয়েছে। দেশের ভবিষ্যতের জ্বালানির চাহিদা স্থায়ীভাবে মেটাতে এবং বৈশ্বিক উষ্ণতার প্রভাব কমাতে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরশক্তি ব্যবহারের জন্য দ্রুত পরিকল্পনা গ্রহণ করতে হবে।গতকাল শনিবার ‘বাংলাদেশের অব্যবহূত জ্বালানির খনি: সৌরশক্তি, জলবায়ু পরিবর্তন রোধ, সমৃদ্ধ অর্থনীতি ও জ্বালানি স্বনির্ভরতা অর্জনে বৈপ্লবিক সুযোগ’ শীর্ষক এক সেমিনারে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বিশেষজ্ঞরা এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ব্রেনডিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাজেদ কামাল।আলোচনায় অংশ নিয়ে সাজেদ কামাল বলেন, কিউবা, জার্মানি ও ল্যাটিন আমেরিকার দেশগুলো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে জ্বালানি চাহিদা মেটানোর ব্যাপক পরিকল্পনা করছে। সাজেদ কামাল বলেন, ‘আমাদের রয়েছে সূর্যের আলো ও বাতাস। গবেষণায় এটা প্রমাণিত যে এক ঘণ্টার সূর্যের আলো থেকে প্রাপ্ত জ্বালানি দিয়ে সারা বিশ্বের এক বছরের চাহিদা মেটানো সম্ভব। কিন্তু আমরা কখনোই এই সম্পদ ব্যবহারের দিকে নজর দিইনি’। তিনি বলেন, সৌরশক্তি একটি জনবান্ধব, পরিবেশবান্ধব ও অর্থনীতিবান্ধব প্রযুক্তি। অনুদ্ঘাটিত বা অব্যবহূত নবায়নযোগ্য ‘জ্বালানি খনি’ ব্যবহার করে বাংলাদেশ শুধু নিজের জ্বালানি সংকট নিরসন নয়, সারা বিশ্বের জন্য উদাহরণ সৃষ্টি করতে পারে।ড. সাজিদ জানান, জার্মানিতে আলোর সরবরারহ বাংলাদেশের অর্ধেক। তারপরও দেশটি আলো, বায়ু ও বায়োমাস ব্যবহার করে ২০৫০ সালের মধ্যে মোট জ্বালানি চাহিদার ১০০ ভাগ নবায়নযোগ্য জ্বালানি থেকে ব্যবহার করার পরিকল্পনা করছে। এই জ্বালানি ব্যবহার উৎসাহিত করতে বাজেটে বরাদ্দ বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিনিউয়েবল এনার্জির অধ্যাপক সাইফুল হক বলেন, সবাই মনে করে সৌরশক্তি ব্যবহারে খরচ বেশি। এতে বিনিয়োগে খরচ বেশি হলেও দীর্ঘমেয়াদে লাভই বেশি। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকারের পক্ষ থেকে সৌরশক্তি ব্যবহারে উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও বাস্তবমুখী পদক্ষেপ দেখা যায় না। তিনি অভিযোগ করেন, একটি মুনাফালোভী প্রতিষ্ঠান এবং ব্যক্তির কারণে সৌরশক্তির সুফল ভোগ করা যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বাপার সভাপতি এ এস এম শাহজাহান। বাপার সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিনের সঞ্চালনায় সেমিনারে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান ও জিটিজেডের খুরশিদ-উল-ইসলাম।