বাংলাদেশকে গবাদি পশুর বসন্তমুক্ত ঘোষণা
বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে গবাদিপশুর রোগ ‘গো-বসন্ত’মুক্ত ঘোষণা দিয়েছে সরকার। গতকাল এই ঘোষণা দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। গো-বসন্ত হচ্ছে গবাদিপশুর মারাত্মক ভাইরাসবাহিত সংক্রামক রোগ।গো-বসন্তমুক্ত হওয়ার সাফল্য উদ্যাপনে গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তর।অনুষ্ঠানে জানানো হয়, ২০০৩ সালে বাংলাদেশ নিজেদের গো-বসন্তমুক্ত ঘোষণা করে। তবে বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা (ওআইই) গত বছরের ২৫ মার্চ বাংলাদেশকে গো-বসন্তমুক্ত ঘোষণা দেয়। সর্বশেষ ২০০১ সালে কেনিয়ায় এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর আর কোনো দেশে এই রোগে গবাদিপশু আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, গো-বসন্ত হলো দ্বিতীয় রোগ, যেটি মানুষ পৃথিবী থেকে নির্মূল করল। এর আগে ১৯৮০ সালে মানুষের গুটিবসন্ত নির্মূল করা হয়। তিনি বলেন, এই রোগ যেন পৃথিবীতে আর ফিরে না আসতে পারে, সে জন্য রোগের গতিপ্রকৃতির ওপর কড়া নজর রাখতে হবে। গবাদিপশুর প্রতিটি মৃত্যুর কারণ অনুসন্ধান করতে হবে। পরীক্ষাগারগুলোরও আধুনিকায়ন করতে হবে।অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ আলী প্রমুখ বক্তব্য দেন।