বাংলাদেশে মহাকাশশিল্প স্থাপন করবে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বলেছেন, জাপান সরকার বাংলাদেশে মহাকাশশিল্প স্থাপনে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। স্যাটেলাইট উৎক্ষেপণের যাবতীয় যন্ত্রপাতিসহ মহাকাশযানে ব্যবহার উপযোগী যন্ত্রপাতি তৈরি করতে বাংলাদেশে একটি বৃহৎ শিল্প স্থাপনের জন্য জাপানের আগ্রহ রয়েছে।গতকাল বৃহস্পতিবার ঢাকায় পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে জাপানের রাষ্ট্রদূত এ কথা বলেন।রাষ্ট্রদূত সাদোশিমা মন্ত্রীকে বলেন, আগামী মার্চে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদ্যাপন করবে জাপান সরকার। এ উপলক্ষে সপ্তাহব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।মন্ত্রী হাছান মাহমুদ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রদূতের মাধ্যমে জাপান সরকারকে অনুরোধ জানান। একই সঙ্গে মন্ত্রী বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলার জন্য গঠিত তহবিলে সহায়তা দিতে জাপান সরকারকে অনুরোধ জানান। এ ছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইপিজেডে জাপানি শিল্প স্থাপন ও কর্ণফুলী টানেল নির্মাণে জাপান সরকারের সহায়তা চান।জবাবে জাপানের রাষ্ট্রদূত এ বিষয়ে জাপানের সহায়তা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ জাপানের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তাই বাংলাদেশে যেকোনো সহায়তা বা বিনিয়োগে জাপান সরকার খুবই উৎসাহী। বিজ্ঞপ্তি।