সব বয়সের মানুষ ফ্লুতে আক্রান্ত হয়। তবে বাংলাদেশে শিশু ও প্রবীণদের মধ্যে এর প্রাদুর্ভাব বেশি। সবচেয়ে কম প্রাদুর্ভাব ২৬ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে। ফ্লু শ্বাসতন্ত্রের জটিলতা বাড়ায়। তবে টিকার মাধ্যমে এর প্রতিরোধ সম্ভব।গত রোববার ঢাকা শিশু হাসপাতালে ফ্লু টিকার উদ্বোধন উপলক্ষে ‘লন্সিং অব ফ্লু ভ্যাকসিন: মিট দ্য প্রেস’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ সোসাইটি ফর পেডিয়াট্রিক ইনফেকসাস ডিজিজেস ও শিশু হাসপাতালের সহযোগিতায় বহুজাতিক ওষুধ কোম্পানি সানোফি অ্যাভেনটিস এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের মূল উপস্থাপনায় ঢাকা শিশু হাসপাতালের পেডিয়াট্রিক ইনফেকসাস অ্যান্ড কমিউনিটি পেডিয়াট্রিকস বিভাগের সহযোগী অধ্যাপক রিয়াজ মোবারক বলেন, ফ্লু শুধু সাধারণ সর্দি নয়, এটি ছোঁয়াচে রোগ। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মাধ্যমে ফ্লু ছড়ায়। ফ্লুতে আক্রান্ত হলে প্রচণ্ড মাথাব্যথা ও কাশি হয়। তীব্র ফ্লু মৃত্যুরও কারণ হতে পারে। তিনি বলেন, বছরে পৃথিবীতে ফ্লুতে আড়াই থেকে পাঁচ লাখ মানুষ মারা যায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে ফ্লুতে মৃত্যুর কোনো পরিসংখ্যান নেই। সানোফি অ্যাভেনটিসের তৈরি ফ্লুর একটি টিকার উদ্বোধন উপলক্ষে গতকালের অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘মায়ের আঁচল’ নামের একটি প্রতিষ্ঠানের প্রায় ১০০ শিশুকে বিনা মূল্যে ফ্লুর টিকা দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, বাজারে আরও দুটি প্রতিষ্ঠানের ফ্লুর টিকা আছে। রিয়াজ মোবারক বলেন, দীর্ঘদিন ধরে যাঁরা অ্যাসপিরিন সেবন করছেন, তাঁদের ফ্লুতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। এ ছাড়া হূদরোগ, কিডনি রোগ, হাঁপানি, ডায়াবেটিসে আক্রান্তদের ফ্লু তুলনামূলকভাবে বেশি হয়। তিনি বলেন, বাংলাদেশে এপ্রিল ও জুন মাসে ফ্লুর প্রকোপ বাড়ে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক মানজুর হোসেইন, সানোফি অ্যাভেনটিসের অঙ্গপ্রতিষ্ঠান সানোফি পাস্তুরের পরিচালক এম নাসির উদ্দিন বক্তব্য দেন।