বাংলাদেশে শিশুদের চোখের ছানি নির্মূলের উদ্যোগ
অস্ত্রোপচার এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশে শিশুদের চোখের ছানি অনেকটাই নির্মূলের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে চোখে ছানিপড়া ১২ হাজার শিশুর মধ্যে প্রায় ১১ হাজার শিশুর ছানি অস্ত্রোপচারের কর্মসূচি নেওয়া হয়েছে।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে চাইল্ড সাইট ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ তথ্য জানিয়েছেন। বিশ্ব দৃষ্টি দিবস সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি।ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং লন্ডন বিশ্ববিদ্যালের শিশু দৃষ্টি ও প্রতিবন্ধিতাবিষয়ক বিশেষজ্ঞ এম এ মুহিত বলেন, বিশ্বে চার ভাগ মানুষ দৃষ্টিহীন বা দৃষ্টিপ্রতিবন্ধিতার শিকার। বাংলাদেশে এর মাত্রা আরও ভয়াবহ। প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে ফাউন্ডেশন শোভাযাত্রা, বিনা মূল্যে ছানি ও ট্যারা চোখে অস্ত্রোপচারসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। এ বছরে দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘কাউন্ট ডাউন টু ২০২০’। বিজ্ঞপ্তি।