বাংলাদেশের এভারেস্ট জয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের ২৩ মে প্রথমবারের মতো পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়েছিলেন মুসা ইব্রাহীম। এভারেস্ট বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে গতকাল বুধবার ঢাকায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো অ্যাডভেঞ্চার উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে এভারেস্ট একাডেমি আয়োজন করে ‘অ্যাডভেঞ্চার ফেস্ট ২০১২’ নামের এ উৎসবের। এতে সহযোগিতা করে নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ (এনএসিবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব (ডিইউএমএসি)।অনুষ্ঠানে মুসা ইব্রাহীম বলেন, এভারেস্ট অভিযানের মতো আরও সব অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে তরুণ-তরুণীদের তাদের সামর্থ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শওকতুর রহমান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দল ২০১৪ সালের মধ্যে এভারেস্ট অভিযানে যাবে। অ্যাডভেঞ্চার উৎসবে ২০১০ সালের মুসা ইব্রাহীমের এভারেস্ট অভিযানের ৩০টি আলোকচিত্র এবং ডিইউএমএসির ২০১১ সালের অন্নপূর্ণা ট্রেকিং অভিযানের ২৫টি আলোকচিত্র প্রদর্শন করা হয়। পর্বতারোহণে খুব প্রয়োজনীয় একটি কৌশল ‘জুমার ক্লাইম্বিং’-এর আয়োজন করা হয়। এই জুমার ক্লাইম্বিংয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেন।