বাংলাদেশের লক্ষ্য নীল থেকে সবুজে পৌঁছানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ খাওয়ানোর চিত্র ভালো। সর্বশেষ বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০১১ অনুযায়ী এই হার ৬৪ শতাংশ। তবে অর্জন ভালো বলে বসে থাকলে চলবে না। এই হার শতভাগ করতে হবে।গতকাল বৃহস্পতিবার নগরের একটি হোটেলে অনুষ্ঠিত জাতীয় কর্মশালায় আলোচকেরা এসব কথা বলেন। তাঁরা বলেন, বিশ্বব্যাপী শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর প্রবণতা বা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ (ডব্লিউবিটিআই) পর্যালোচনায় বাংলাদেশ এখন দ্বিতীয় ধাপে পৌঁছেছে। এই সাফল্যের ফলে হলুদ রং থেকে বাংলাদেশ নীল রঙের দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে বাংলাদেশের লক্ষ্য সবুজ রঙে পৌঁছানো।বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন আয়োজিত এই কর্মশালায় ছয় মাস পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ খাওয়ানোর হার আগের তুলনায় কীভাবে এতটা বেড়েছে তা পর্যালোচনা করা, পরিস্থিতির আরও উন্নয়নে বিদ্যমান চ্যালেঞ্জ এবং সরকারি ও বেসরকারি কর্মসূচির মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে অন্তরায় চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে বাংলাদেশের যে অর্জন, তা ধরে রাখতে আলোচকেরা রাজনৈতিক সদিচ্ছা থাকার বিষয়ে গুরুত্ব দেন।কর্মশালার প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির বলেন, সংখ্যা বা পরিসংখ্যানে কিছু গরমিল থাকতে পারে, কিন্তু শিশুকে বুকের দুধ খাওয়ানোর প্রবণতা যে বাড়ছে, এতে কোনো সন্দেহ নেই। নিয়মমতো বুকের দুধ ও বাড়তি খাবার না দেওয়ার কারণেই শিশুদের মধ্যে রক্তস্বল্পতা দেখা দিচ্ছে। এ ক্ষেত্রে আইনের চেয়েও মানুষের আচরণগত পরিবর্তন ঘটানো এবং সচেতনতা বাড়ানো বেশি জরুরি।সচিব জানান, বুকের দুধের বিকল্প খাদ্য বাজারজাতকরণ-সংক্রান্ত আইনের খসড়াটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ আইনে কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে।‘রেইজিং এক্সক্লুসিভ (ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ানো) ব্রেস্ট ফিডিং রেট ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার সভাপতি জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক এখলাছুর রহমান শিশুকে বুকের দুধ খাওয়ানোর হার বাড়ানোর জন্য গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরেন।বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান এস কে রায় বলেন, সরকারি কর্মজীবী নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।তবে কর্মশালার একাধিক আলোচক বেসরকারি খাতে যাতে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস কার্যকর হয়, সে ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (নিপোর্ট) মহাপরিচালক সেলিনা আফরোজা বলেন, শুধু আইন করে পরিস্থিতির উন্নয়ন ঘটানো যাবে না। এ ক্ষেত্রে নিজেদের সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম আমির হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক সাইফুল ইসলাম, কমিউনিটি হেলথ ক্লিনিকের পরিচালক মাখদুমা নার্গিস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি তুষারা এরাজ ইন্দ্রনাথ ফারনান্দ, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইকবাল কবির, সেক্রেটারি সুফিয়া খাতুন প্রমুখ।