বাংলাদেশের হৃদয় ছুঁলেন আকরাম খান

শূন্য থেকে উল্টো হয়ে ঝুলছে মানুষটা। এ যেন কোনো এক গোলকধাঁধার মাঝখানে আটকে থাকা।
অথবা কোনো এক প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে শেষটায় এসে অসহায় আত্মসমর্পণ। কিংবা রোমাঞ্চকর কোনো এক গল্পের চরম পরিণতির মাঝখানে চরম নাটকীয় এক ‘ক্লিফ হ্যাঙ্গার’। যার শেষটা কী, আসলে কেউ জানে না।
দুর্দান্ত গতি, মন মাতানো দৃশ্যকল্প আর গল্পের মোচড়—সব মিলিয়ে আকরাম খান গতকাল মোহিত করলেন ঢাকার দর্শকদের। তারও চেয়ে বড় কথা, বিশ্বখ্যাত এই নৃত্যশিল্পী ছুঁয়ে গেলেন বাংলাদেশের মন। আকরাম খানের ‘দেশ’ আসলে বাংলাদেশের সঙ্গে যোগসূত্র খুঁজে ফেরারই গল্প। রূপক দৃশ্যকল্পের মাঝে যেখানে বারে বারে ঘুরেফিরে আসে বাংলাদেশ। যেখানে একাত্তর উজ্জ্বল এক অধ্যায়। বাংলা সেখানে মুখ্য ভাষা। গহিন অরণ্যেন নাম সেখানে সুন্দরবন।
নিশুতি রাত। এরই মধ্যে হারিকেন হাতে মঞ্চে প্রথমবারের মতো দেখা দেন আকরাম খান। খানিক বাদে আমরা দেখি কিশোর আকরাম খানকে। যাঁর নাচের অনুশীলনের ব্যাঘাত ঘটায় বাবার খবরদারি। নিঝুম জঙ্গল, চলন্ত হাতি, নদীর ঢেউ, পাখির উড়ে যাওয়া—সবকিছু এমনই অবিশ্বাস্য জীবন্ত। অস্কার বিজয়ী ভিজ্যুয়াল আর্টিস্ট টিম ইপের হাতের কাজ বলে কথা। পরিবেশনার দৃশ্যপট পাল্টেছে বারবার। আর আকরাম নিজেই ক্ষণে ক্ষণে হয়ে ওঠেন বিবিধ চরিত্র।
হালকা চালে শুরু হয়ে আস্তে-ধীরে মোচড় খেতে থাকে গল্প। ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালাকক্ষে তখন টানটান উত্তেজনায় দর্শক। কিন্তু শেষ পর্যন্ত বাধাধরা কোনো পরিণতির দিকে এগোয় না ‘দেশ’-এর ‘গল্প’। প্রায় শেষ ভাগে ওপর থেকে উল্টো হয়ে ঝুলতে থাকা আকরাম খানের মতোই আশ্চর্য এক প্রশ্নবোধক হয়ে থাকে গল্পের পরিণতি।
তবু পরিবেশনা শেষে আকরাম যখন মাথা নুয়ে অভিবাদন জানালেন, করতালিতে ফেটে পড়ল জাতীয় নাট্যশালার হলভর্তি আমন্ত্রিত দর্শক।
মনে পড়ে, দিন দুয়েক আগেই আকরাম বলেছিলেন, লন্ডনে প্রথম শো হবার পর থেকে ‘দেশ’ নিয়ে যেখানেই গেছেন, সেখানে একজন বাংলাদেশিও যদি থাকেন, তিনি খুবই ‘গর্বিত’ বোধ করেন। আকরাম এক বিন্দু বাড়িয়ে বলেননি। দ্বিতীয় প্রজন্মের এক বাংলাদেশির হৃদয়ের টান থেকে জন্ম নেওয়া ‘দেশ’ আসলে বাংলাদেশেরই গৌরবগাথা।
পরিবেশনা শেষে প্রশ্নোত্তর পর্বে আকরাম খান জানান, সারা বিশ্ব ঘুরে এলেও শুধু বাংলাদেশের কথা মাথায় রেখে ‘দেশ’-এর পরিবেশনায় বিশেষ কিছু যোগ করেছেন তিনি। টানা ৮০ মিনিটের এই পরিবেশনার জন্য যে অসাধারণ শারীরিক শক্তি তার উৎস কী?’ আকরামের মন্তব্য ছিল, তাঁর পুরো দলই তাঁর উৎস ও অনুপ্রেরণা।
আকরাম খান জানিয়েছেন, সুযোগ পেলেই আবার বাংলাদেশে আসতে চান তিনি।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। তিনি বলেন, ‘আকরাম খান এ দেশেরই সন্তান। বেঙ্গল ফাউন্ডেশন সব সময়ই এ রকম আয়োজনের সঙ্গে থাকতে চায়।’
ঢাকার শিল্পকলা একাডেমিতে আজ শনিবার আবারও থাকছে বেঙ্গল ফাউন্ডেশন ও ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে আকরাম খানের ‘দেশ’-এর পরিবেশনা।