বাংলাবাজারে পুস্তক ব্যবসায়ীদের ধর্মঘট
পুস্তক ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্যরা গতকাল রোববার রাজধানীর বাংলাবাজারে বইয়ের দোকান বন্ধ রাখেন। সমিতির রাজধানী শাখার পক্ষ থেকে ঢাকার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের অন্যান্য জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে। জানা যায়, প্রকাশক সমিতি ১৯৮০ সালের নোটবই নিষিদ্ধকরণ আইন বাতিলের দাবি জানিয়ে আসছে। সম্প্রতি নোট-গাইড নিষিদ্ধের পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সমর্থন করে উচ্চ আদালত রায় দেন। এর পর থেকে দেশের বিভিন্ন স্থানে নোট-গাইড বইবিরোধী অভিযান চলছে।প্রকাশকেরা অভিযোগ করছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুস্তক ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন। এর ফলে আর্থ-সামাজিকভাবে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।বাংলাবাজারে আয়োজিত সমাবেশে সমিতির নেতা আবু তাহের দাবি করেন, সৃজনশীল পদ্ধতিতে নোট-গাইডের প্রয়োজন নেই বলে ওই আইনটির আর কার্যকারিতা নেই। কিন্তু ওই আইনের অজুহাতে জেল-জরিমানা ও অনুশীলনীমূলক বই পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। জেলা প্রশাসকদের কাছে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, নোটবই নিষিদ্ধকরণ আইন বাস্তবসম্মত নয়, বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের পরিপন্থী হওয়ায় এত দিন আইনটির বাস্তবায়ন হয়নি। স্মারকলিপিতে আরও বলা হয়, বিনা মূল্যে বই বিতরণের ফলে ব্যবসায়ীরা ১০০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারপর এভাবে বই জব্দ করে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।