বাংলামোটরে ১১ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল
যত্রতত্র আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করার অভিযোগে বাংলামোটর এলাকার ১১টি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরিচ্ছন্নতা বিনষ্টকারী প্রতিষ্ঠানগুলোকে একাধিকবার সতর্ক করা হয়েছে। সিটি করপোরেশনের বিধি লঙ্ঘন ও যত্রতত্র আবর্জনা ফেলায় সিটি করপোরেশন আইন মোতাবেক প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে।
২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর ঘোষণা করেছে ডিএসসিসি। ডিএসসিসি আগেই ঘোষণা দিয়েছিল, নগরীর পরিচ্ছন্নতা বিনষ্টকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিশেষ ক্ষেত্রে নিয়মিত মামলা দায়ের করা হবে। পরিচ্ছন্নতা বিনষ্টকারী প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।
গতকাল ট্রেড লাইসেন্স বাতিল করা প্রতিষ্ঠানগুলো হলো সিরামিক ওশান, মেসার্স মোজাইক প্যালেস, মেসার্স রাজ পাথর, মেসার্স সৈকত এন্টারপ্রাইজ, দেলোয়ার মোজাইক এজেন্সি, আম্মার স্যানিটারি, ডেকো ডিও, ব্লু টাচ ইন্টারন্যাশনাল, আইকন টাইলস অ্যান্ড স্যানিটারি, শাহজালাল মেটাল ও ভেনাস মার্বেল কোম্পানি।