বাংলার মর্যাদা রাখার শপথে পালিত একুশে ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষার সম্মান রক্ষার শপথ নিয়ে পালিত হলো অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গতকাল রোববার রাজধানীর সব রাস্তার শেষ ঠিকানা ছিল কেন্দ্রীয় শহীদ মিনার। শনিবার মধ্যরাত থেকেই বাঙালি শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করল বায়ান্নর ভাষা আন্দোলনে আত্মোত্সর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের। লাখো মানুষের ফুলেল শ্রদ্ধায় ভরে উঠেছিল কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদি। গতকাল রোববার একুশে উদ্যাপনে আসা মানুষের ঢলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয়েছিল মানুষের মিলনমেলায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়িয়ে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত ছড়িয়ে ছিল এই ভিড়। সকাল ছয়টার পর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভিড় ছিল সবচেয়ে বেশি। এ সময় কেউ এসেছে ফুল নিয়ে, কেউবা ভাষাশহীদদের প্রতিকৃতি নিয়ে।রাস্তার পাশে বিক্রি হয়েছে ছোট আকৃতির জাতীয় পতাকা, একুশের বাণী লেখা স্কার্ফ, শহীদদের ছবিসহ পোস্টকার্ড। প্রভাতফেরিতে অংশ নেওয়া মানুষের পোশাকে ছিল সাদা-কালোর প্রাধান্য। বাংলা ভাষায় লেখা সাহিত্য, কবিতার পঙিক্ত, গানের কলি পোশাকে ভর করে হেঁটে বেড়িয়েছে। বাংলা একাডেমীর চারপাশের রাস্তায় এবং শাহবাগ মোড় থেকে রং-তুলি হাতে কপাল আর গালে তুলি চালিয়েছেন আঁকিয়েরা। মানুষের গালে আর কপালে বর্ণমালা, পতাকা, শহীদ মিনার আর আল্পনা এঁকে দিয়েছেন তাঁরা। এ ছাড়া চারুকলা ইনস্টিটিউটেও সকাল থেকেই চলেছে ক্যানভাসের বদলে দুই গালে শহীদ মিনার বা অ-আ-ক-খ এঁকে নেওয়া। বিভিন্ন সংগঠনের একুশে পালন: মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও মানবাধিকার সংগঠন রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, চিত্রকলা প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। পলাশীর সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মাঠে ভাষা আন্দোলনের ইতিহাসসমৃদ্ধ আলোকচিত্র ও চিত্রকলা প্রদর্শন করেছে ১১ দফা প্রস্তাবনা বাস্তবায়ন সমিতি।একুশ উপলক্ষে আলোচনা সভায় মহান একুশের চেতনায় দেশ গড়তে যুদ্ধাপরাধীদের শাস্তির দাবি করেছে মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড। কমিটির সভাপতি এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর হওয়ার পরপরই যুদ্ধাপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। এখনই প্রতিহত না করলে ভাষাশহীদ ও মুক্তিযোদ্ধাদের সব আত্মত্যাগ বিফলে যাবে। বাংলা ভাষা রক্ষায় শুদ্ধ বাংলা চর্চার জন্য প্রতিষ্ঠান গড়ে তোলার অনুরোধ করেছে বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় গণআন্দোলনের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া। ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনায় মুক্তাঙ্গনে সমাবেশ করে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক লীগ। আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবর জিয়ারত করেছে ইসলামিক ফাউন্ডেশন। কেন্দ্রীয় কচি কাঁচার মেলা আয়োজন করেছিল ‘হাতের লেখা ও বানান’ প্রতিযোগিতা।এ ছাড়া শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, বঙ্গবন্ধু শিশু একাডেমী, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ওয়ার্কার্স পার্টি, বাসদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, জাকের পার্টি, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় বিদ্যুত্ শ্রমিক লীগ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, ইসলামিক ফ্রন্ট, খেলাফত আন্দোলন, সাহিত্য লীগ, জাতীয় ছাত্রসমাজ, ছাত্র ঐক্য ফোরাম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, পলিটেকনিক শিক্ষক সমিতি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া ইনক, মেডিকেল অ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ডেফোডিল ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, প্রাইম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ, লেক সার্কাস বালিকা উচ্চবিদ্যালয়, নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড, মোবাইল ফোন লোড ব্যবসায়ী অ্যাসোসিয়েশন, বাংলাদেশি পণ্য ব্যবহার আন্দোলন।