বাকপ্রতিবন্ধীদের খুঁজে দিতে ‘সন্ধানীর হাত’
নিখোঁজ বাকপ্রতিবন্ধীদের তাঁদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সন্ধানীর হাত’। রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠানের মধ্য দিয়ে গত শনিবার সংগঠনটি যাত্রা শুরু করে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নিখোঁজ হওয়া মানুষের পরিবারে যন্ত্রণার শেষ নেই। যদি মানুষটি প্রতিবন্ধী বা বাকপ্রতিবন্ধী হয়, তবে যন্ত্রণা আরও বেড়ে যায়। তিনি আশা করেন, সন্ধানীর হাত স্বজনহারা বাকপ্রতিবন্ধীদের পাশে দাঁড়াবে।এ কে এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, যুগান্তর-এর নির্বাহী সম্পাদক সাইফুল আলম, নাট্যব্যক্তিত্ব শিমূল মোস্তফা ও রোকেয়া প্রাচী প্রমুখ।স্বেচ্ছাসেবী সংগঠনটির একজন উদ্যোক্তা শারমিন আখন্দ প্রথম আলোকে বলেন, তাঁদের নয় ভাইবোনের মধ্যে এক ভাই মাহতাব হোসেন বাকপ্রতিবন্ধী। গত ২৮ আগস্ট যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ থেকে তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা তখন থেকে নানা জায়গায় মাহতাবের খোঁজ করলেও এখনো তাঁকে পাওয়া যায়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাহতাবের পরিবারের অন্য সদস্যরা ‘সন্ধানীর হাত’ গড়ে তুলতে অনুপ্রাণিত হন। এই সংগঠন হারিয়ে যাওয়া বাকপ্রতিবন্ধীদের তাদের স্বজনদের কাছে ফিরে যেতে কাজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে নিখোঁজ মাহতাবের বড় বোন জাহিদা মেহেরুননেসা, আরও চার বোন জুয়েলা জেবুননেসা খান, সোনিয়া ইয়াসমিন, ইলোরা ইয়াসমিন ও শারমিন আখন্দ উপস্থিত ছিলেন।