বাকল্যান্ড বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সদরঘাট থেকে শ্যামপুর পর্যন্ত বাকল্যান্ড বাঁধের ওপর স্থাপিত অবৈধ স্থাপনা আগামী সাত দিনের মধ্যে উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে।গতকাল বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও দেশের গুরুত্বপূর্ণ অন্যান্য নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখাসংক্রান্ত টাস্কফোর্সের’ সভায় এ সিদ্ধান্ত হয়।সভা শেষে টাস্কফোর্সের সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, বাকল্যান্ড বাঁধের অবৈধ স্থাপনা আগামী সাত দিনের মধ্যে উচ্ছেদ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।মন্ত্রী ঢাকার আশপাশের নদীর তীরে বেশির ভাগ সামীনাখুঁটি স্থাপনের চিত্র তুলে ধরে বলেন, এ কাজে ঠিকাদারদের গাফিলতি পাওয়া গেলে প্রয়োজনে তাঁদের জামানত বাজেয়াপ্ত করে কালো তালিকাভুক্ত করা হবে।এ সময় মন্ত্রী ঢাকায় খাল উদ্ধার, বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করার কাজের অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দূষণমুক্ত কাজ শুরুর আগে বুড়িগঙ্গা নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেন ছিল শূন্য মিলিগ্রাম (প্রতি লিটারে)। পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এখন দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ শূন্য দশমিক ৪৫ থেকে এক মিলিগ্রাম। তবে প্রয়োজন ৫ মিলিগ্রাম। মন্ত্রী বলেন, সভায় ওয়াসার পানির লাইনের সঙ্গে যেসব ব্যক্তি অবৈধভাবে পয়োনিষ্কাশনের লাইন সংযোগ দিয়ে পানি দূষিত করছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।নদীদূষণে ট্যানারি (চামড়ার কারখানা) বড় সমস্যা উল্লেখ করে মন্ত্রী বলেন, ট্যানারিশিল্প সাভারে স্থানান্তরের জন্য সেখানে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ১০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী ১৮ মাসে বাকি কাজ সম্পন্ন হবে। মন্ত্রী জানান, নদীদূষণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তর বিভিন্ন শিল্পকারখানা ও ব্যক্তিকে ৪১ কোটি টাকা জরিমানা করেছে। এর মধ্যে ২৫ কোটি ১০ লাখ টাকা আদায় করা হয়েছে। বাকি টাকা মামলার কারণে আদায় করা সম্ভব হয়নি। এ ছাড়া ১৯টি শিল্পকারখানার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সভায় টাস্কফোর্সের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।