বাঘ ধরতে ‘টোপ’-এর অনুমতি প্রত্যাখ্যানের আহ্বান বাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টোপ’ ব্যবহার করে বাঘ ধরার অনুমতি না দিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বাঘের জীবনাচরণ নিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য মার্কিন প্রতিষ্ঠানের করা ওই আবেদন প্রত্যাখ্যান করতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই পরিবেশবাদী সংগঠন। গতকাল সোমবার এক বিবৃতিতে সংগঠনটি এই আহ্বান জানিয়েছে।বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ‘টোপ হিসেবে অন্য কোনো প্রাণী ব্যবহার করা হলে তাদের মাধ্যমে ক্ষতিকারক জীবাণু বাঘসহ অন্যান্য প্রাণীর জন্য ক্ষতির কারণ হতে পারে। যেখানে শুধু সুন্দরবনে থাকা এই প্রজাতির বাঘের সংখ্যা দিনে দিনে হ্রাস পাচ্ছে, সেখানে টোপ ব্যবহার করে বাঘের জীবন বিপন্ন বা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না।’বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ বন্য প্রাণী সংরক্ষণ আইন, ২০১২ অনুযায়ী, বনের মধ্যে গৃহপালিত প্রাণী প্রবেশ করানো এবং তাকে টোপ হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ। কিন্তু তার পরও সরকার বন্য প্রাণীবিষয়ক বৈজ্ঞানিক কমিটিকে অনুমতির বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য বলেছে।