বাঘ বাঁচাতে সংরক্ষণ আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন উজাড় ও ক্রমাগত নিধনের ফলে দেশের জাতীয় পশু বাঘ আজ মহাবিপন্ন প্রজাতি। প্রাণীটিকে বাঁচাতে বাঘ সংরক্ষণ আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। নইলে একদিন জাদুঘরের শোভা বৃদ্ধির কাজে বাঘ ব্যবহূত হবে।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতীকী বাঘ সমাবেশে বক্তারা এ কথা বলেন। পরিবেশবাদী সংগঠন গ্রিনবেল্ট ট্রাস্ট সমাবেশের আয়োজন করে।সমাবেশে প্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বাঘ সম্মেলনে বাঘ রক্ষার ঘোষণাপত্রে ১৩ জাতি স্বাক্ষর করেছে। এই ঘোষণাপত্র শিগগিরই কার্যকর করতে হবে।বক্তারা বলেন, বর্তমানে বিশ্বের ১৩টি দেশে বাঘ আছে তিন হাজার ৭০০। সুন্দরবনে আছে ৪৪০টি। ক্রমবর্ধমান পরিবেশগত বিপর্যয় এবং মানবসৃষ্ট কারণে দেশে বাঘের সংখ্যা কমছে। বিশেষজ্ঞদের ধারণা, এভাবে চলতে থাকলে আগামী শতকে বাঘ বিলুপ্ত হয়ে যাবে। তা ছাড়া বাঘ বনের জীববৈচিত্র্য, খাদ্যশৃঙ্খল ও প্রতিবেশচক্রের প্রধান নিয়ন্ত্রক। যে বনের অবস্থা ভালো, সেখানে বাঘের সংখ্যাও বেশি।আগামী ১০ বছরে বাঘের সংখ্যা দ্বিগুণ করা, বাঘের আবাসস্থল হিসেবে চিহ্নিত বনাঞ্চলগুলো সংরক্ষণ ও সেখানে শিল্প-কারখানা স্থাপন না করা, চলমান টহলব্যবস্থা উন্নত করে বাঘ ও বাঘের শিকার প্রাণীর নিধন বন্ধ করা, বাঘ, বাঘের দেহাবশেষ ও চামড়া পাচার রোধ, সব বন্য প্রাণীর জন্য অভয়ারণ্য নিশ্চিত করা ও সর্বসাধারণের প্রবেশাধিকার সংরক্ষণ করার দাবি জানানো হয় সমাবেশে।সমাবেশে পরিবেশবাদী সংগঠনগুলোর নেতা আমিনুর রসুল, মেহবুব পাপন, জসিম কাতাবী, কামরুল আহসান খান, সৈয়দ সাইফুল আলম, তুষার রেহমান, ইবনুল সাঈদ প্রমুখ বক্তব্য দেন।