বাঘ সুন্দরবনের রক্ষক। বাঘের উপস্থিতির কারণেই সুন্দরবনের বৈচিত্র্য আজও অটুট রয়েছে। কাজেই সুন্দরবনকে রক্ষা করতে হলে বাঘ সংরক্ষণের বিকল্প নেই। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল রোববার বন বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘বাঘের আবাসস্থল সুন্দরবন বাঁচান’।বনমন্ত্রী বলেন, ‘সরকারের বিশেষ অগ্রাধিকার ও আন্তর্জাতিক প্রটোকল অনুসারে সুন্দরবনের বাঘ রক্ষার জন্য আমরা সব সময়ই সচেষ্ট। আন্তর্জাতিক ঘোষণা অনুসারে সু্ন্দরবনে বাঘ ও হরিণের সংখ্যা ধারণক্ষমতার মধ্যে রেখে অবৈধ হরিণ শিকার বন্ধ, আবাসস্থলের উন্নয়ন ও নিয়মিত টহল জোরদার করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বাঘ, হরিণসহ অন্যান্য বন্য প্রাণী শিকার বন্ধের জন্য অধিকতর শাস্তির বিধান রেখে বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ নামে একটি আইন এরই মধ্যে কার্যকর হয়েছে। বর্তমান সরকার ন্যাশনাল টাইগার রিকভারি প্রোগ্রাম ও বাংলাদেশ টাইগার অ্যাকশন প্ল্যান ২০০৯-২০১৭ করেছে।মন্ত্রী আরও বলেন, সুন্দরবনসংলগ্ন গ্রামগুলোতে বন বিভাগ ও স্থানীয় জনসাধারণের সমন্বয়ে টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে, যাতে লোকালয়ে বাঘ আসার পরপরই খবরাখবর আদান-প্রদান ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বন্য প্রাণী ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ, নেপাল ও ভুটানে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ ছাড়া সুন্দরবনের আশপাশের মানুষের জীবিকার নিরাপত্তার জন্য একটি প্রকল্পের কাজ চলছে।বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমরা জানি, বাঘ সুন্দরবনের অলংকার। এটি আমাদের জাতীয় প্রাণী। আমরা বাঘকে রক্ষা করব, বাঘের মতো বাঁচব।’পরিবেশসচিব মেছবাহ উল আলম বলেন, ‘এই রাজকীয় প্রাণীটি রক্ষার জন্য আমাদের সবার সার্বিক সহায়তার প্রয়োজন। আসুন, বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষায় আমরা সচেষ্ট হই।’