বাঙলা কলেজে মৃত অবস্থায় পাওয়া যুবকটিকে হত্যা করা হয় চোর সন্দেহে
সেলুন থেকে ফিরে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে লালমনিরহাটের বাসা থেকে বেরিয়েছিলেন রুবেল মিয়া (২৩)। পরে নিখোঁজ হন। ৯ দিন পর গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজের একটি নির্মাণাধীন ভবনে রশি দিয়ে তাঁর হাত বাঁধা লাশ পাওয়া গেছে।
পুলিশ বলছে, তাদের তদন্তে বেরিয়ে এসেছে, নির্মাণাধীন ওই ভবনের তত্ত্বাবধানকারী আবদুল জলিল মুঠোফোন চোর সন্দেহে রুবেলকে শ্বাসরোধে হত্যা করেন। পরে আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ রাজধানীর মোহাম্মদপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে আবদুল জলিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
ওই ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত তদারকের সঙ্গে যুক্ত ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) মিরপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে আজ এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া জলিল (৫৩) ও মান্নানকে (৩২) রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ নিয়ে আজ দুপুরে ডিবির উত্তর বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদ সম্মেলন করেন।
নিহত যুবকের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ডিবির কর্মকর্তারা বলেন, পেশায় কৃষক রুবেল মিয়া সপরিবার লালমনিরহাট সদর উপজেলার রাজপুরের খলাইঘাটে থাকতেন। গত ২ ডিসেম্বর তিনি বিয়ে করেন। ৫ জানুয়ারি সকালে রুবেল সেলুন থেকে চুল কাটিয়ে বাসায় ফিরে রাজপুরে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর মুঠোফোনও বন্ধ ছিল।
ডিবির কর্মকর্তারা আরও বলেন, ১৩ জানুয়ারি বিকেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাঙলা কলেজ থেকে দারুসসালাম থানায় ফোন করে জানানো হয়, কলেজের নির্মাণাধীন ১০ তলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষে এক যুবকের রশি দিয়ে দুই হাত বাঁধা লাশ পড়ে আছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশটিতে পচন ধরেছিল। তাঁর পকেটে থাকা মুঠোফানের নম্বরে ফোন করে স্বজনদের জানানো হয়। পরে স্বজনেরা লালমনিরহাট থেকে ওই রাতে ঢাকায় এসে রুবেলের লাশ শনাক্ত করেন। তাঁর গলায় আঘাতের চিহ্ন ছিল।
ডিবির কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর পুলিশ তদন্ত করে জানতে পারে, বাঙলা কলেজের নির্মাণাধীন ভবনের তত্ত্বাবধানকারী জলিল তাঁর সহযোগী মান্নানকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন রুবেলকে। জিজ্ঞাসাবাদে জলিল ডিবি কর্মকর্তাদের বলেছেন, সম্প্রতি তাঁর একটি মুঠোফোন চুরি হয়। ৯ জানুয়ারি রুবেল বাঙলা কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি করলে তাঁকে মোবাইল চোর বলে সন্দেহ হয়।
এরপর তাঁকে নির্মাণাধীন ভবনের ওই কক্ষে নিয়ে মারধর করেন তিনি। একপর্যায়ে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। হত্যার আগে মান্নান রুবেলের হাত চেপে ধরেছিলেন।
একসময় রুবেল মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানান ডিবির ওই কর্মকর্তা। তিনি বলেন, চিকিৎসা করানোর পর রুবেল সুস্থ হয়ে ওঠেন। ৫ ডিসেম্বরের পর থেকে রুবেল কোথায় ছিলেন, কার সঙ্গে কেন ঢাকায় এসেছিলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না তাঁরা। পরিবারও এ বিষয়ে তাঁদের কিছু জানাতে পারেনি।
এদিকে গত বুধবার ময়নাতদন্ত শেষে স্বজনেরা দাফনের জন্য রুবেলের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান।