বাঙালি সংস্কৃতিকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাল তার্কিকরা
এ দেশের সরকারি টেলিভিশন চ্যানেল আমাদের সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে যথার্থ নয়। কেন না এ চ্যানেলটি এখনো রাজনৈতিক প্রভাবমুক্ত হতে পারেনি। অপর দিকে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সংস্কৃতিকে করে তুলছে যুগোপযোগী। গতকাল বুধবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ‘স্যান্ডালিনা প্রথম আলো ভিকারুননিসা ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতায়’ বিরোধী দল এ বক্তব্য তুলে ধরে। অন্য দিকে সরকারি দল বলেছে ভিন্নকথা। তাদের মতে, বেসরকারি চ্যানলগুলো যা প্রচার করছে তা ভিন্ন দেশের বিভিন্ন অনুষ্ঠানের অনুকরণ। বিভিন্ন প্রতিযোগিতার নামে তারা ধ্বংস করছে আমাদের সংস্কৃতি। ‘বাঙালি সংস্কৃতির প্রসারে বেসরকারি টেলিভিশনগুলোর ভূমিকা যথার্থ নয়’ এই বিষয়ে কলেজ পর্যায়ের প্রথম রাউন্ডের বিতর্কে সরকারি ও বিরোধী দল নিজ নিজ অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরলেও কিছু বিষয়ে তাদের মধ্যে ছিল দারুণ মিল। দুই পক্ষই বলেছে, ‘আমাদের গ্রহণ করতে হবে সেই সংস্কৃতি, যা আমাদের নিজস্ব সংস্কৃতিকে সমৃদ্ধ করে। আমাদের বাঙালি সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে।’মঙ্গলবার থেকে শুরু হওয়া পঞ্চম শিশু, ১৫তম স্কুল, পঞ্চম কলেজ এবং ১৩তম আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায় গতকাল অনুষ্ঠিত হয় শিশু বিতর্কের প্রথম ও দ্বিতীয় রাউন্ড এবং কলেজ বিভাগের প্রথম রাউন্ড। কলেজ বিতর্কের বিষয় ছিল, ‘বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় একমুখী শিক্ষা অকার্যকর’, ‘বাংলাদেশের গণতন্ত্র সাধারণ মানুষের অধিকার রক্ষা করে না’ এবং ‘বাঙালি সংস্কৃতির প্রসারে বেসরকারি টেলিভিশনগুলোর ভূমিকা যথার্থ নয়’। শিশু বিতর্কে কোয়ার্টার ফাইনালে উর্ত্তীণ দলগুলো হচ্ছে, আইডিয়াল ডিবেটিং ক্লাব-১ ও ৩, মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়—সঞ্চয়িতা, ভিকারুননিসা ডিবেটিং ক্লাব—দুর্বার ও কনিষ্ক, এনআইডিসি, ওয়াইডব্লিউসিএ স্কুল ডিবেটিং ক্লাব-১ এবং জেভিয়ার্স ডিবেটিং ক্লাব—ফাইটার্স।