বাজারে এল চাকরি পরীক্ষার সহায়ক ম্যাগাজিন 'চলতি ঘটনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এল চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার সহায়ক মাসিক ম্যাগাজিন ‘চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব’। আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রগতি ভবনে ম্যাগাজিনটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ম্যাগাজিনটির দাম ৩০ টাকা।

অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা বলেছেন, এই ম্যাগাজিন কেবল তরুণদের চাকরির পরীক্ষাই নয়, নানা বিষয় জানাতে সহায়ক হিসেবে কাজ করবে। চাকরিপ্রার্থী অসংখ্য তরুণ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সময় অতিথিরা বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও ক্যারিয়ারবিষয়ক নানা পরামর্শ দেন।

প্রকাশনা উৎসবে বক্তব্য দেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। কারওয়ান বাজার, ঢাকা। ছবি: প্রথম আলো
প্রকাশনা উৎসবে বক্তব্য দেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। কারওয়ান বাজার, ঢাকা। ছবি: প্রথম আলো

‘চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব’ প্রকাশকে স্বাগত জানান সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। তিনি আশা করেন, চলতি ঘটনা উত্তরোত্তর সমৃদ্ধি হবে। একেকটি বিসিএস পরীক্ষায় দীর্ঘ সময় লাগার কথা উল্লেখ করে তিনি বলেন, এতে তারুণ্যের বড় সময় খেয়ে ফেলছে। এটা কমাতে হবে। সব ধরনের ক্যাডার পদের পরীক্ষা একইভাবে হতে হবে বলে তিনি মনে করেন না।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ বলেন, চাকরিতে প্রবেশের আগে তিনি মনে করতেন, বিসিএসের মাধ্যমে আসা সরকারি চাকরিজীবীরা জনগণের কাছ থেকে দূরে থাকেন। এ জন্য প্রথমে বিসিএস পরীক্ষাই দিতেই চাননি। একেবারে শেষ পর্যায়ে এসে বিসিএস দেন এবং চাকরি হয়। তিনি মনে করেন, ইচ্ছা থাকলে সরকারি চাকরিজীবীরাও অনেক বেশি কাজ করতে পারেন। বিসিএস পরীক্ষায় সময় বেশি লাগার বিষয়টি উল্লেখ করে পিএসসির সাবেক এই চেয়ারম্যান বলেন, এই সময় কমানোর চেষ্টা অব্যাহত আছে। আগের থেকে কমেছেও।

‘চলতি ঘটনা’ বিজ্ঞানসম্মতভাবে চাকরিপ্রার্থীদের সহায়তা করবে বলে আশা করেন ইকরাম আহমেদ। তিনি বলেন, ‘আশা করি, আগামীর সিভিল সার্ভেন্টরা উপকৃত হবে।’

পিএসসির সাবেক সদস্য সমর চন্দ্র পাল বিসিএসের মৌখিক পরীক্ষার (ভাইবা) প্রস্তুতির কথা বলতে গিয়ে বলেন, মৌখিক পরীক্ষায় মিথ্যা কথা বলা যাবে না। অতিরিক্ত স্মার্টনেস দেখানোর দরকার নেই।

পিএসসি সচিবালয়ের সাবেক সচিব আকতারী মমতাজ তরুণদের উদ্দেশে বলেন, শুধু নিজের জন্য নয়, দেশের জন্যও প্রস্তুত হতে হবে। সোনার বাংলা হতে হলে যোগ্য মানুষ হতে হবে। যদি নিষ্ঠা, দেশপ্রেম ও স্বপ্ন বড় থাকে, তাহলে সবকিছু অর্জন করা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মনজুর বলেন, সরকারি চাকরির প্রতি আগ্রহের বড় কারণ চাকরির নিশ্চয়তা। কিন্তু সবার সরকারি চাকরি পাওয়া সম্ভব নয়। এ জন্য তিনি তরুণদের উদ্যোক্তা তৈরির ওপরও জোর দিয়ে বলেন, চলতি ঘটনায় সফল উদ্যোক্তাদের কথা থাকলে অন্যরা উপকৃত হবে। তাঁর পরামর্শ, ‘চলতি ঘটনা’য় প্রশ্নের সমাধানের সঙ্গে ব্যাখ্যাও থাকা দরকার।বাছাই পরীক্ষা থেকে শুরু করে মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি কেমন হওয়া উচিত, সে বিষয়ে পরামর্শ দেন ৩৪তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম স্থান হওয়া মুনিয়া চৌধুরী। তিনি বলেন, বিসিএসে আসতে হলে প্রথমে প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে। লিখিত পরীক্ষায় অতিরিক্ত না লিখে সুনির্দিষ্ট উত্তর লেখা ভালো। আর মৌখিক পরীক্ষায় আত্মবিশ্বাস থাকতে হবে। যা আছে, তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।

পরীক্ষার সহায়ক মাসিক ম্যাগাজিন ‘চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব’–এর প্রকাশনা উৎসব। কারওয়ান বাজার, ঢাকা। ছবি: প্রথম আলো
পরীক্ষার সহায়ক মাসিক ম্যাগাজিন ‘চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব’–এর প্রকাশনা উৎসব। কারওয়ান বাজার, ঢাকা। ছবি: প্রথম আলো

‘চলতি ঘটনা’ ম্যাগাজিনের অনেক কিছুই ভালো লেগেছে উল্লেখ করে কিছু পরামর্শও দেন ৩৬তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে চাকরি পাওয়া সৈকত তালুকদার। তাঁর পরামর্শ, চলতি ঘটনায় প্রশ্নের সমাধানের ব্যবস্থা রাখা, মুক্তিযুদ্ধ বিষয়ে মুক্তিযুদ্ধ কর্নার রাখা, প্রত্যেক সংখ্যায় যেকোনো একটি দেশের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা ইত্যাদি বিষয় রাখা দরকার।

‘চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব’–এর সম্পাদক আবদুল কাইয়ুম ম্যাগাজিনটির বিষয়বস্তু ও প্রেক্ষাপট তুলে ধরেন।

ম্যাগাজিনটি ধীরে ধীরে সবার প্রিয় ম্যাগাজিন হবে বলে আশা প্রকাশ করেন কিশোর আলোর সম্পাদক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক।

অনুষ্ঠানের শুরুতে ‘আগুনের পরশমণি’...এবং ‘ও আমার দেশের মাটি’ গান গেয়ে শোনান রবীন্দ্রসংগীতশিল্পী সেমন্তী মঞ্জুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মৌসুমী মৌ।