বাজারে ফলের কমতি নেই তবে দাম একটু চড়া
রমজান মাসে কিছু পণ্যের চাহিদা বাড়ে, এর মধ্যে ফল অন্যতম। মানুষ বছরের অন্য সময় ফল না খেলেও অনেকে ইফতারির তালিকায় নানা ধরনের ফল রাখেন। বাজারে এখন দেশি অনেক ফল। পাশাপাশি রয়েছে হরেকরকম বিদেশি ফল। চাহিদা থাকায় বিক্রেতারা এর দাম হাঁকাচ্ছেন বেশি। বাজারে দেশীয় ফলের মধ্যে রয়েছে আনারস, আতা, আমড়া, কলা, জাম্বুরা, বাঙ্গি, তরমুজ, পেয়ারা, শসা, পেঁপে ও আশ্বিনী আম। বিদেশি ফলের মধ্যে দেখা যাচ্ছে ছোট-বড় আপেল, লিচু, তরমুজ, বাঙ্গি, আঙুর, মালটা, নাসপাতি, আম। আর আছে খেজুর। বিক্রেতারা বলেন, লিচু এসেছে থাইল্যান্ড থেকে, বাঙ্গি আর আঙুর ভারত থেকে। আপেল এসেছে সুদূর অস্ট্রেলিয়া থেকে। বাজারে আরও আছে বাহারি সব খেজুর। এসেছে মূলত মধ্যপ্রাচ্য থেকে। রাজধানীর পুরানা পল্টন এলাকায় আজাদ প্রোডাক্টস কার্যালয়ের সামনে দেশি ফলের বাজার বসে। ফল বিক্রেতা আলতাফ হোসেন বলেন, বাজারে দেশীয় ফলের চাহিদা বেশি। এ কারণে দামও তুলনামূলকভাবে একটু বেশি। তিনি বলেন, দাম বেশি হলেও লোকজন কিনছে।গত বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার কিচেন মার্কেটের পশ্চিম পাশের মার্কেট থেকে ফল কিনছিলেন গৃহবধূ জাহান রহমান। এই প্রতিবেদককে বলেন, ‘ভাই এবার সব ফলেরই দাম বেশি।’ কারওয়ান বাজারের একজন ফল বিক্রেতা জানান, সৌদি আরবের ‘রেজামি’ খেজুর প্রতি কেজি এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। একটি খেজুরের দাম ৩০ টাকা।রাজধানীর বেইলি রোডের ব্যবসায়ী জালাল আহমেদ বলেন, বাজারে বিদেশি ফল থাকলেও তা কতটুকু ভালো, তা বুঝে ওঠা মুশকিল। তিনি পাঁচ রোজায় নাসপাতি কিনেছিলেন। বুধবার দুপুরে এই প্রতিবেদককে সেই নাসপাতি দেখান। ফলটিতে পচন ধরেনি। জালাল আহমেদের ধারণা, প্রচুর পরিমাণে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে বলে ফলটি অবিকল আগের মতোই আছে। পুরানা পল্টন এলাকার ফল বিক্রেতা বাবুল হোসেন জানান, দাম একটু বেশি হলেও ফল বিক্রি ভালোই হচ্ছে। মানুষ কম-বেশি ফল কিনছে। লাভও অন্য সময়ের চেয়ে বেশি হচ্ছে। তবে বাজারভেদে ফলের দামে পার্থক্য আছে। কয়েকটি বাজারে একটি আনারস ২০ থেকে ২৫ টাকায়, আমড়া প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায়, পেয়ারা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায়, জাম্বুরা প্রতিটি ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে সব বাজারে আতা প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তরমুজ ও পেঁপের দাম অনেকটা ফলগুলোর আকারের ওপর নির্ভর করে, বড় হলে বেশি ছোট হলে দাম কম। বাজারে প্রচুর শসা, প্রতি কেজি শসা ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ৩০০ টাকায় একটি দেশি তরমুজ কেনা সম্ভব হলেও থাইল্যান্ডের তরমুজ কিনতে হয় কেজি মেপে। দাম প্রতি কেজি ১২০ টাকা। ভারতীয় বাঙ্গির দাম প্রতি কেজি ১০০ টাকা আর দেশীয় বাঙ্গি প্রতিটি ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। একই বাজারে নানা ধরনের খেজুর দেখতে পাওয়া যায়, দামও নানারকম। বাজারে ১২০ টাকায় এক কেজি খেজুর বিক্রি হচ্ছে। আবার প্রতি কেজি এক হাজার টাকা দামের খেজুরও আছে। ক্রেতারা বলছেন, ‘দাম বড্ড বেশি’। কিন্তু অনেকেই তা কিনছেন।