বাজারে ভিড়, সড়কে যানজট
টানা চার দিনের অবিরাম বৃষ্টির পর গত দুই দিন মেঘের কোলে রোদ হেসেছিল। সেই সঙ্গে দুই দিনই ছিল সাপ্তাহিক ছুটি। এই সুযোগের সদ্ব্যবহার করতে ঈদের কেনাকাটায় মেতেছিলেন রাজধানীবাসী। ছুটছিলেন শপিং মল ও মার্কেটগুলোতে। ফলাফল, ছুটির দিনেও ঢাকার রাস্তায় দুর্বিষহ যানজট।গতকাল শনিবার রাজধানীর নিউমার্কেট, পান্থপথ ও মিরপুর রোড ঘুরে দেখা যায়, ঈদের কেনাকাটা করতে এসব এলাকার শপিং মল ও সুপার মার্কেটগুলোতে মানুষের বিপুল ভিড়। দুপুরের পর মিরপুর ও এলিফ্যান্ট রোডের বিপণিবিতানগুলোতে রীতিমতো মানুষের ঢল নামে। এ কারণে ওই সড়কে তীব্র যানজট লেগেই ছিল।নিউমার্কেট এলাকা: রাজধানীর মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের প্রথম পছন্দ নিউমার্কেট। গতকাল নিউমার্কেট ও সংলগ্ন গাউছিয়া, চন্দ্রিমা, ধানমন্ডি হকার্স, নূরজাহান সুপার মার্কেটসহ আশপাশের এলাকায় ক্রেতাদের জট লেগে যায়। মিরপুর রোড: মিরপুর রোডের বিভিন্ন শপিং মলে রয়েছে বুটিক হাউসগুলোর শোরুম। হাল ফ্যাশনের পোশাক কিনতে এসব দোকানে ক্রেতাদের প্রচণ্ড ভিড় ছিল।পান্থপথ: পান্থপথে বসুন্ধরা সিটিতে নেমেছিল ক্রেতাদের ঢল। পুরো পান্থপথ স্থবির হয়ে পড়ে। আশপাশের এলাকায় পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা না থাকায় অনেকে রাস্তার ওপর গাড়ি রাখতে বাধ্য হন। ফলে ফার্মগেট পর্যন্ত পুরো এলাকার রাস্তায় যানজট লেগে যায়। মিরপুর: সব সড়কেই বিশাল যানজট, তাতে কী! লোকজন বেরিয়েছিলেন পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে। সব মিলিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের বিপণি-কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়।মৌচাক: মৌচাক মার্কেটের ভিড় একেবারে মগবাজারের ওয়্যারলেস পর্যন্ত এসে ঠেকেছে। মগবাজার মোড়ে কেনাকাটা করতে আসা লোকজনের পার্ক করা গাড়ির চাপে সেখানে যানজট ছিল বেশি। মূলত মৌচাক, আনারকলি, বিশাল সেন্টার ও সেঞ্চুরি আর্কেড প্রায় পাশাপাশি হওয়ায় এ এলাকায় যানজট বেলা দুইটা থেকেই শুরু হয়। মতিঝিল: সাপ্তাহিক ছুটির দিন হলেও গতকাল মতিঝিল এলাকায় দিনভর কর্মদিবসের মতোই যানজট লেগে ছিল। ফুটপাত দখল করে ছিলেন হকাররা। অল্প আয়ের মানুষ মোটামুটি কেনাকাটা করতে এসেছিলেন এখানে।