আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও তথ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি—এ তিনটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করতে হবে। এ ছাড়া শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের কর্মসংস্থানের জন্য বাজেটে বরাদ্দ রাখতে হবে।গতকাল বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশনের (ইডাফ) উদ্যোগে ‘গণমুখী বাজেট প্রণয়নে জননেত্রী শেখ হাসিনার সরকারের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা বেতন-ভাতা, বিদেশভ্রমণসহ সংসদ সদস্যের সব সুযোগ-সুবিধা নিচ্ছেন। অথচ সংসদে কেন আসছেন না?’ইডাফের চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আ ক ম মোজাম্মেল হক, সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোরশেদ প্রমুখ।