বাজেটে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি
জাতীয় বাজেটে প্রতিবন্ধীদের জন্য ১০ শতাংশ অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজঅ্যাবলড পিপলস অর্গানাইজেশন (ন্যাডপো)। দাবি করা এই অর্থের মধ্যে অন্তত পাঁচ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের জন্য বরাদ্দ করার প্রস্তাব দিয়েছে তারা। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ন্যাডপো এই দাবি জানায়। এতে লিখিত বক্তব্যে ন্যাডপোর সভাপতি আবদুস সাত্তার দাবি করেন, প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধীদের মাত্র দশমিক ১১ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। অথচ দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষ প্রতিবন্ধী। ন্যাডপো সভাপতি আরও বলেন, পরিবারের সদস্যদের ধরলে প্রায় আট কোটি মানুষ প্রতিবন্ধী-সংশ্লিষ্ট। এই বাস্তবতায় প্রস্তাবিত বাজেট প্রতিবন্ধীদের কাছে গ্রহণযোগ্য নয়। মানবিক বিবেচনা থেকে নয়, প্রতিবন্ধীদের জন্য প্রণীত আইন ও বিধিমালার আলোকেই বাজেটে অর্থ বরাদ্দ বাড়ানোর দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ন্যাডপোর সহসভাপতি শওকত হোসেন ভূঁইয়া, সাইফুল ইসলাম, মহাসচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।