বাজেটে রোগ প্রতিরোধে জোর দেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক সংগঠন স্বাস্থ্য আন্দোলন বলেছে, রোগ প্রতিরোধের জন্য বাজেটে সুস্পষ্টভাবে বরাদ্দ রাখা হয়নি। বাজেটে চিকিৎসার ওপর বেশি জোর দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের ব্যাপারে এ পর্যবেক্ষণ তুলে ধরে স্বাস্থ্য আন্দোলন। সংগঠনটি বলেছে, বাজেটের আয়তন বাড়লেও স্বাস্থ্য খাতের বরাদ্দ কমেছে। তা ছাড়া বরাদ্দ করা অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, মানুষ সেবা পাচ্ছে কি-না সেটা মূল্যায়নের ব্যবস্থা বাজেটে রাখা হয়নি।লিখিত বক্তব্যে সৈয়দ মাহবুবুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে নতুন রোগ দেখা দিচ্ছে। মানুষ চিকিৎসা নিতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছে। কিন্তু বরাবরের মতো চিকিৎসাকেন্দ্রিক চিন্তার কারণে বাজেটে রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো উপেক্ষিত হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, গত অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল জিডিপির ছয় শতাংশ। এবার তা কমিয়ে ৫ দশমিক ১ শতাংশ করা হয়েছে। স্বাস্থ্য খাতের বাজেট সাত হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে এবার আট হাজার ৮৮৯ কোটি টাকা করা হয়েছে। আপাতদৃষ্টিতে বরাদ্দ বাড়লেও বর্তমান অর্থনৈতিক অবস্থায় টাকার মান বিবেচনায় বরাদ্দ কমেছে। স্বাস্থ্য আন্দোলন বলছে, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আদালত ইউজার ফি কেন অবৈধ ঘোষণা হবে না, তা জানতে চেয়ে সরকারকে নোটিশ দেন। অথচ বাজেটে ইউজার ফি সংগ্রহ ও বণ্টনের কথা বলা হয়েছে। সংগঠনটি মনে করে, ইউজার ফির মাধ্যমে রোগী লাভবান হয় না। লাভ হয় ডাক্তার ও হাসপাতালসংশ্লিষ্ট ব্যক্তিদের। স্বাস্থ্য আন্দোলনের অভিযোগ, এ বছরও বাজেটের বড় অংশ ব্যয় হবে অবকাঠামো নির্মাণ ও প্রশাসনিক খাতে। ব্যয় বাড়ানোর পরও স্বাস্থ্যসেবার নাগাল পাওয়ার বিষয়টি নিশ্চিত নয়। তা ছাড়া স্বাস্থ্য রক্ষার অংশ হিসেবে ভেজাল ও মানহীন ওষুধ কোম্পানিগুলো নিয়ন্ত্রণ কিংবা অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণে বাজেটে পদক্ষেপ নেই।সংবাদ সম্মেলনে দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া, ইউজার ফি বন্ধ করা, বেসরকারি চিকিৎসাসেবার ওপর নিয়ন্ত্রণ ও নজরদারি করা, মানসিক স্বাস্থ্যসেবা, শ্রমিকদের স্বাস্থ্যসেবার বিষয়গুলো বাজেটে রাখার দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে স্বাস্থ্য আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফরিদা আখতার, মেজবাহ উদ্দিন আহমেদ, রোকেয়া বেগম, মাহমুদা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।