‘প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতের জন্য বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম। এই বাজেট বাড়াতে হবে। শিক্ষাকে এগিয়ে নিতে না পারলে অন্য কাজগুলো টেকসই হবে না। শিক্ষানীতি বাস্তবায়নেও বরাদ্দ রাখা হয়নি। আশা করছি, এ বিষয়ে বরাদ্দ রাখা হবে।’গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে শিক্ষায় বরাদ্দ নিয়ে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, শিক্ষাকে এগিয়ে নিতে না পারলে সরকারের গৃহীত অন্য পদক্ষেপগুলো টেকসই হবে না। শিক্ষানীতিসহ আরও কিছু বিষয়ে বরাদ্দ রাখা উচিত ছিল। বড় কথা হলো, বাজেটের সঠিক বাস্তবায়ন করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কাজী সালেহ আহমেদ বলেন, শিক্ষা খাতের বাজেট প্রয়োজনের তুলনায় কম। এ খাতে বরাদ্দ অর্থের ৯০ থেকে ৯৫ শতাংশ চলে যায় বেতন খাতে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় গবেষণা কার্যক্রম প্রায় নেই বললেই চলে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিছু আছে। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অগ্রাধিকার না দেওয়া হলে উন্নত মানবসম্পদ তৈরি সম্ভব নয়।সাবেক শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান বলেন, শিক্ষক নিয়োগ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোর ওপর অত্যন্ত জোর দেওয়া উচিত। এ ছাড়া ছাত্র-শিক্ষক অনুপাত একটা বড় সমস্যা। শ্রেণীকক্ষে শিক্ষক ও ছাত্রছাত্রীর অনুপাত ১: ৩০ করা গেলে শিক্ষকেরা ভালোভাবে পড়াতে পারতেন, ছাত্রছাত্রীরা ভালো বুঝতে পারত।অন্য বক্তারা শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্যসচিব শেখ ইকরামুল কবির, শিক্ষকনেতা মোহাম্মদ আজিজুল ইসলাম, আসাদুল হক, মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।