জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ অর্থবছরের জন্য ২৯ কোটি ৯৮ লাখ টাকার রাজস্ব (অনুন্নয়ন) বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেটের চার ভাগের প্রায় তিন ভাগই শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় ব্যয় হবে। আর শিক্ষার্থীদের জন্য শিক্ষাসহ আনুষঙ্গিক খাতে বরাদ্দ ধরা হয়েছে মাত্র চার কোটি টাকা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীর আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। জানা যায়, গত সোমবার অনুষ্ঠিত ৩৯তম সিন্ডিকেট সভায় ২০১১-১২ অর্থবছরের বাজেট চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। এর আগে ২৫ জুন বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির বাজেটটি প্রাথমিকভাবে অনুমোদিত হয়। বাজেট পর্যালোচনায় দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আগামী অর্থবছরের ২৯ কোটি ৯৮ লাখ টাকার বাজেটের ৬৭ দশমিক ৩ শতাংশ অর্থাৎ ২০ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বেতন-ভাতা ও পেনশন খাতে। এ ছাড়া বাজেটের বাদবাকি খাতগুলোর যেমন সরবরাহ ও সেবা (সাধারণ আনুষঙ্গিক ও শিক্ষা আনুষঙ্গিক), মেরামত সংরক্ষণ ও পুনর্বাসন এবং সম্পদ সংগ্রহ ও ক্রয় খাতে বরাদ্দ দেওয়া হয়েছে নয় কোটি ৮০ লাখ টাকা। বাজেটের মোট টাকার ৭২ দশমিক ৩ শতাংশ অর্থাৎ ২১ কোটি ৬৮ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুদান থেকে পাওয়া যাবে। এ ছাড়া বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে দেওয়া হবে আট কোটি ৩০ লাখ টাকা। গবেষণা উপখাতে গত অর্থবছরে চার লাখ টাকা বরাদ্দ থাকলেও এবার তা কমিয়ে দুই লাখ টাকা করা হয়েছে। এই খাতটি উপেক্ষিত থাকার কারণ হিসেবে কোষাধ্যক্ষ বলেন, শিক্ষকেরা এখনো গবেষণার জন্য খুব একটা আগ্রহ দেখান না। তবে গবেষণার জন্য বাজেটের বাইরেও মঞ্জুরি কমিশন থেকে পাঁচ লাখ টাকা পাওয়া যাবে বলে তিনি জানান। কোষাধ্যক্ষ আরও বলেন, ‘আগামী অর্থবছরে জন্য ৫৪ কোটি ৭০ লাখ টাকা চেয়ে আমরা বরাদ্দ পেয়েছি মাত্র ৩০ কোটি টাকা। এই টাকায় বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হবে একটি চ্যালেঞ্জ।’গতকালের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার ওহিদুজ্জামান, ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা, গণসংযোগ কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, সাইফুল ইসলাম, শফিকুর রহমান প্রমুখ।