বাজেটে শিশু উন্নয়ন খাতের জন্য পৃথক ব্যবস্থা চালুর দাবি
জাতীয় বাজেটে শিশু উন্নয়নে বরাদ্দ করা ব্যয়ের খাতগুলো চিহ্নিত করতে সুনির্দিষ্ট কোডিং বা সংকেতব্যবস্থা চালু করার দাবি জানিয়েছে তিনটি সংগঠন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘শিশুদের জন্য বিনিয়োগ: ভিশন ২০২১ অর্জনে একটি উপায়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, সেভ দ্য চিলড্রেন ও সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)। সংবাদ সম্মেলনে সংগঠন তিনটি শিশু, নারী ও প্রতিবন্ধীদের অধিকার আদায় ও উন্নয়নে ১০ দফা দাবি পেশ করে। এসব দাবির মধ্যে শিশু-সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও শিক্ষা খাতের বরাদ্দ বৃদ্ধি এবং গুণগত মান উন্নয়নে কর্মসূচি নেওয়া ইত্যাদি। সংবাদ সম্মেলনে আয়োজকেরা বলেন, দেশের জনসংখ্যার ৪০ শতাংশেরও বেশি শিশু। কিন্তু মন্ত্রণালয় ও বিভাগের জন্য বাজেট বরাদ্দের কতটুকু শিশুদের জন্য, তা চিহ্নিত করা যায় না। এ জন্য শিশুদের বাজেট চিহ্নিত করার জন্য আলাদা কোডিং বা সংকেতব্যবস্থা চালু করা জরুরি। সংবাদ সম্মেলনে ২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেটে শিশুদের ওপর আর্থিক বরাদ্দের একটি বিশ্লেষণ তুলে ধরেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, মহিলা ও শিশুবিষয়ক, সমাজকল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সরাসরি শিশু উন্নয়নের সঙ্গে জড়িত। এসব মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোর দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম ও সেভ দ্য চিলড্রেনের বিরগিত লুনডবার্গ।