উন্নয়নের গতি ত্বরান্বিত করতে জাতীয় বাজেটে সব স্তরের নারীর সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, নারীনেত্রী, গবেষকসহ নাগরিক সমাজের নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত ‘জাতীয় বাজেট ২০১২-১৩: নারী সমাজের প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক বাজেট-উত্তর সেমিনারে তাঁরা এসব কথা বলেন। বাজেটে নারী উন্নয়নে বরাদ্দের বিষয়টি পর্যালোচনা করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো প্রতিমা পাল-মজুমদার বলেন, প্রান্তিক নারীদের জন্য নানা সুবিধা দেওয়ার কথা বলা হলেও শিক্ষা, স্বাস্থ্যসহ নানা দিক থেকে তারা অনেক পিছিয়ে আছে। সন্দ্বীপ, সিরাজগঞ্জ ও পটিয়ায় নারীর স্বাস্থ্যবিষয়ক গবেষণা তথ্য তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল। সাংসদ শফিকুল ইসলাম বলেন, বাজেটে নারীদের জন্য দেওয়া বরাদ্দ যথাযথভাবে বাস্তবায়নে বড় বাধা আমলাতান্ত্রিক জটিলতা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ চেমন আরা, রাশেদা বেগম হীরা, অর্থনীতিবিদ এম এম আকাশ, কমিউনিটি হেলথ ক্লিনিকের প্রকল্প পরিচালক মাখদুমা নার্গিস প্রমুখ। আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর সঞ্চালকের দায়িত্বে ছিলেন।