শিক্ষা খাতে প্রদত্ত বাজেটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে শিক্ষা বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল শনিবার রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষাবিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।‘শিক্ষা ক্ষেত্রে মনিটরিং কার্যক্রম জোরদারকরণ: প্রেক্ষিত জাতীয় শিক্ষানীতি-২০১০’ শীর্ষক ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতীয় শিক্ষানীতি আমাদের শিক্ষাব্যবস্থা পরিচালনার দিকদর্শন। শিক্ষানীতি প্রত্যেককে ভালো করে পড়তে হবে; অনুধাবন করতে হবে। অর্থের অপচয়, অপব্যবহার, ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে হবে; বাড়াতে হবে নিজ নিজ দক্ষতা।’মাঠপর্যায়ের কর্মকর্তাদের জাতীয় শিক্ষাব্যবস্থা পরিবর্তনের মূল চাবিকাঠি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রসারে পরিবারের সবার সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। সার্বিক ফলাফলের সফলতা ও ব্যর্থতা আমাদের সবার। নিজ নিজ দায়িত্বের জবাবদিহি নিজেকেই করতে হবে।’মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ। অন্যান্য ব্যক্তির মধ্যে বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত শিক্ষাসচিব এস এম গোলাম ফারুক, অধিদপ্তরের পরিচালক (মনিটরিং ও মূল্যায়ন) দিদারুল আলম প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নেন মাঠপর্যায়ের কর্মকর্তারাও।