বাটখারা ও ওজন মাপার যন্ত্রে লোগো ব্যবহার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক ওজনের পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে বাটখারা ও ওজন মাপার যন্ত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লোগো ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। গত রোববার বিএসটিআই কাউন্সিলের ২৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিএসটিআইয়ের সূত্র জানায়, সভায় সারা দেশে বিএসটিআইয়ের লোগোযুক্ত বাটখারা চালুর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দ্রুত উদ্যোগ নিতে বলা হয়েছে। এ ছাড়া দেশব্যাপী ভেজালবিরোধী অভিযান জোরদার করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়। এ সভায় সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেন, বিএসটিআইয়ের সেবা দেওয়ার ক্ষমতা বাড়ানোর জন্য আরও জনবল নিয়োগ করা হচ্ছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমে গতিশীলতা আনতে এর সংস্কার করা হবে। ভোক্তাস্বার্থ রক্ষায় দেশি পণ্যের পাশাপাশি আমদানি করা পণ্যের মাননিয়ন্ত্রণের জন্যও শিল্পমন্ত্রী নির্দেশ দেন। কাউন্সিলের সভায় শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।