বাড্ডা থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার হলো মোহাম্মদপুরে
নিখোঁজ হওয়ার পরদিন গতকাল রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থেকে শিশু আল আমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে শনিবার রাতে বাড্ডা থানার বাড্ডা নগর থেকে নিখোঁজ হয়েছিল। তার গলায় পাটের রশি পেঁচানো অবস্থায় ছিল। পুলিশের ধারণা, অপহরণের পর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, বরিশালের রিকশাচালক জাকির হোসেন প্রায় ১৫ দিন আগে স্ত্রী ও সন্তান আল আমিনকে (১০) নিয়ে বাড্ডা নগরে বোনের বাসায় বেড়াতে আসেন। বোনের বাসার সামনে থেকে শনিবার রাতে হঠাত্ আল আমিন নিখোঁজ হয়। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। গতকাল দুপুর আড়াইটার দিকে পুলিশ মোহাম্মদপুরের বছিলা রোড-সংলগ্ন বেড়িবাঁধের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাত হিসেবে আল আমিনের লাশ উদ্ধার করে। খবর পেয়ে বিকেলে জাকির হোসেন মোহাম্মদপুর থানায় গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন।মোহাম্মদপুর থানার অপস কর্মকর্তা মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আল আমিনকে বাড্ডা থেকে কারা, কেন ও কীভাবে মোহাম্মদপুরে এনে হত্যা করেছে, সে বিষয়ে তার বাবা জাকির কিছু জানাতে পারেননি। এ ব্যাপারে বাড্ডায় জাকিরের বোনের বাসায় গিয়ে পুলিশ ঘটনার কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে। বৃদ্ধের লাশ উদ্ধার: গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ মতিঝিলের টিঅ্যান্ডটি জামে মসজিদ মার্কেটের ফুটপাত থেকে মনু মিয়ার (৬৫) লাশ উদ্ধার করে। তাঁর মাথার বাঁ পাশে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রামে। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শফিউল্লাহ জানান, মনু মিয়া ভিক্ষুক ছিলেন। তিনি টিঅ্যান্ডটি জামে মসজিদ মার্কেটের ফুটপাতে থাকতেন। মনে হচ্ছে, পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।