বাড্ডায় কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ!
বাড্ডায় এক কলেজছাত্রীকে অপহরণ করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা হয়েছে। এজাহারে বলা হয়েছে, ওই ছাত্রী বাড্ডা আলাতুন নেছা উচ্চবিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। গত ২৫ নভেম্বর সকাল সাতটার দিকে প্রতিদিনের মতো সে বাসা থেকে বের হয়। বিকেল পর্যন্ত বাসায় ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজা হয়। পরে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এজাহারে আরও বলা হয়েছে, মেরুলবাড্ডার ডিআইটি প্রকল্প এলাকার হিমেস ও সজীব নামে দুই যুবক প্রায়ই মুঠোফোনে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। গত তিন মাস আগে ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিলে সে তা ফিরিয়ে দেয়। অপহরণের আগের দিন বাসার সামনে হিমেসকে ঘোরাফেরা করতে দেখা গেছে। অজ্ঞাত এক নারী ও যুবক মুঠোফোনে হুমকি দিয়ে অপহরণের কথা জানায়। এই ঘটনায় ৭ ডিসেম্বর বাড্ডা থানায় মামলা হয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রেমঘটিত কারণে ওই ছাত্রী এক যুবকের সঙ্গে চলে গেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।