বাড্ডায় ক্ষুদ্র ব্যবসায়ী খুন স্ত্রী ও ছেলেমেয়ে পলাতক
রাজধানীর মধ্য বাড্ডা থেকে গত বুধবার মো. সালাউদ্দীন (৬০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, স্ত্রী ও ছেলেমেয়েরা সালাউদ্দীনকে পিটিয়ে হত্যা করেছেন। হত্যার ঘটনা জানাজানি হওয়ার পরই স্ত্রী ও ছেলেমেয়েরা বাসায় তালা লাগিয়ে পালিয়েছেন। তাঁরা লাশ পর্যন্ত দেখতে আসেননি। ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে গেছেন নিহত ব্যক্তির ভাই আলাউদ্দিন।এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা ফিরোজ মিয়া সালাউদ্দীনের স্ত্রী রাশেদা বেগম, ছেলে রবিউল ইসলাম ওরফে টিটু ও মেয়ে শাহনাজকে আসামি করে বাড্ডা থানায় হত্যা মামলা করেছেন।নিহতের এক আত্মীয় জানান, সালাউদ্দীন তাঁর স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ৮৭ মধ্য বাড্ডায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর সন্তানেরা সবাই বখে যাওয়া। বুধবার বিকেলে টাকা-পয়সা নিয়ে সন্তানেরা সালাউদ্দীনের সঙ্গে ঝগড়া শুরু করেন। একপর্যায়ে তাঁরা শিল-নোড়া দিয়ে সালাউদ্দীনের পাঁজরে আঘাত করলে তিনি পড়ে যান। এরপর হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হলে তাঁকে বাসায় নিয়ে আসেন স্বজনেরা। খবর পেয়ে বুধবার সন্ধ্যায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।বাড্ডা থানার এই কর্মকর্তা জানান, নিহত ব্যক্তির ভাই আলাউদ্দীন ওএমএসের (খোলাবাজারে চাল বিক্রি) ডিলার। সালাউদ্দীন ভাইয়ের সঙ্গে খোলাবাজারে চাল বিক্রির কাজে যুক্ত ছিলেন। তাঁর বড় ছেলে মিজানুর রহমান বাড্ডার চাঞ্চল্যকর চার খুনের মামলার আসামি। গৃহকর্মী নিহত: এদিকে গতকাল দুপুরে ধানমন্ডির ৬/এ সড়কের ৫১ নম্বর বাসার ছাদ থেকে পড়ে তাসলিমা (১৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, তাসলিমা ওই ভবনের পাঁচতলায় হার্ডওয়্যার ব্যবসায়ী আরিফ আহমেদের বাসায় কাজ করত। ওই বাসায় আরিফ ও তাঁর মা থাকতেন। তাসলিমাসহ দুজন গৃহকর্মী তাঁদের বাসায় কাজ করত। দুপুর একটার দিকে বাসার ছাদ থেকে পড়ে যায় তাসলিমা। পরে গাড়িচালক মনির ও বাসার নিরাপত্তাকর্মী আবদুর রহিম তাসলিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, তাঁরা ঘটনাটি খতিয়ে দেখছেন। সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি।