বাড্ডায় খাল ভরাট বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
পরিবেশ অধিদপ্তরের তাৎক্ষণিক পদক্ষেপে উত্তর বাড্ডায় সাঁতারকুল খাল ভরাট বন্ধ হয়েছে। পরিবেশবাদী একটি সংগঠনের কাছ থেকে খালটি ভরাট করার অভিযোগ পেয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান ও বাড্ডা থানার পুলিশ খাল ভরাটের ঘটনা তদন্তে গিয়ে সাইদুল ইসলাম ও মহিউদ্দিন নামের দুজনকে ঘটনাস্থলেই চিহ্নিত করেন। বিকেল তিনটায় ওই দুজনকে পরিচালকের কার্যালয়ে তলব করে ভরাটকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়। সাঁতারকুল ও সুতিভোলা মৌজা দিয়ে প্রবাহিত এ খালটি সিএস রেকর্ড অনুযায়ী ৭০ থেকে ৮০ ফুট প্রশস্ত ছিল। ক্রমে দখল ও ভরাটের কারণে সংকুচিত হয়ে পড়ে। খালটি দক্ষিণে রামপুরা খাল ও উত্তরে বালু নদের সঙ্গে সংযুক্ত। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মুনির চৌধুরী প্রথম আলোকে বলেন, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী খাল-জলাশয় ভরাট করা দণ্ডনীয় অপরাধ। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাঁতারকুল খাল ভরাটের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং দখলদারদের খরচে ভরাট করা স্থান অবমুক্ত করা হবে।পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে আগামীকালের মধ্যে তদন্ত করে খালের ভরাট করা অংশের আয়তন বের করার অনুরোধ জানানো হয়েছে। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুযায়ী সাঁতারকুল খাল এবং এর পার্শ্ববর্তী এলাকাটি জলাভূমি ও বন্যার পানি প্রবাহিত হওয়া অঞ্চল হিসেবে চিহ্নিত। ওই এলাকাগুলো দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হয়ে বালু নদে গিয়ে পড়ে। ওই খালটি ভরাট হয়ে গেলে রাজধানীর অন্যান্য এলাকায়ও বন্যার প্রকোপ ও জলাবদ্ধতা বাড়বে।