বাড্ডায় গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার
রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া গত দুই দিনে রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।বাড্ডা থানা সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আফতাবনগর প্রকল্পসংলগ্ন একটি ডোবার কাছ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, ১০-১২ দিন আগে ওই ব্যক্তির বুকে গুলি করে হত্যার পর লাশ ডোবার কাছে ফেলে রাখা হয়। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় লাশ শনাক্ত করা যাচ্ছে না। তাঁর পরনে কালো শার্ট ও জিনসের প্যান্ট রয়েছে। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। তিনজনের অস্বাভাবিক মৃত্যু: গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হন রুজেল আহমেদ (২২) নামের এক তরুণ। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত রুজেলের স্বজনেরা জানান, বেলা দেড়টার দিকে মোটরসাইকেলে চড়ে দুই বন্ধুসহ বাসায় ফিরছিলেন রুজেল। কাঁটাবন মোড়ে পৌঁছানোর পর দ্রুতগতির একটি প্রাইভেট কার পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রুজেল ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় তাঁর দুই বন্ধু সামান্য আহত হন। রক্তাক্ত অবস্থায় রুজেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুর আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।তবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় তা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এই প্রাণহানির ঘটনা ঘটে। রুজেল পুরান ঢাকার ১৩ হোসেনি দালান রোডের ভাঙারি ব্যবসায়ী মফিজুল ইসলামের ছেলে।এর আগে গতকাল সকালে রাজারবাগ কালীবাড়ির দিঘি থেকে অজ্ঞাতপরিচয়ের এক তরুণের (২০) ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।এদিকে গত বুধবার দিবাগত রাতে রামপুরা এলাকার একটি বাসা থেকে নাসরিন আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নাসরিনের পারিবারিক সূত্র জানায়, নাসরিন তার মা-বাবার সঙ্গে রামপুরার একটি বাসার চারতলায় ভাড়া থাকত। রাতে শোয়ার ঘরের দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় নাসরিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।এ ব্যাপারে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন বলেন, প্রেমে ব্যর্থ হয়ে নাসরিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।