বাড্ডায় গৃহকর্মী হত্যা দম্পতি গ্রেপ্তার
শিশু গৃহকর্মী হত্যার অভিযোগে পুলিশ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত গৃহকর্মীর নাম ববি আক্তার (১১)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ববি আক্তার পূর্ব বাড্ডার টেকপাড়ার বাসিন্দা সোলায়মান মণ্ডলের বাসায় কাজ করত। গত সোমবার গভীর রাতে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ওই বাসার মেঝে থেকে ববির লাশ উদ্ধার করে। তার সারা শরীরে জখম রয়েছে। পরে পুলিশ গৃহকর্মীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, নির্যাতনের কারণে ববির মৃত্যু হয়েছে। পুলিশ জানতে পেরেছে, মাঝে মাঝে গৃহকর্তা-গৃহকর্ত্রী মিলে মেয়েটিকে মারধর করত। রংপুরে অবস্থানরত গৃহকর্মীর বাবা নোয়াব আলীকে খবর পাঠানো হয়েছে। তিনি থানায় অভিযোগ নিয়ে এলে তা মামলা হিসেবে গ্রহণ করা হবে। তার আগেই এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহকর্তা সোলায়মান মণ্ডল ও তাঁর স্ত্রী দিতা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। গৃহবধূর রহস্যজনক মৃত্যু: গত সোমবার রাতে পুলিশ মিরপুর ২ নম্বর সেকশনের এইচ ব্লকের ৫ নম্বর সড়কের একটি বাসা থেকে গৃহবধূ মোরশেদা আক্তার ওরফে শিমুলের (২৫) লাশ উদ্ধার করে। মৃতের বাবা মোশাররফ হোসেনের অভিযোগ, শাশুড়ি ও ননদ মিলে মোরশেদাকে শ্বাস রোধ করে হত্যা করেছে। পুলিশ বলেছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। মিরপুর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, সোমবার মধ্যরাতে পুলিশ ২ নম্বর সেকশনের বাসা থেকে মোরশেদার লাশ উদ্ধার করে। এ সময় তাঁর স্বামী রাজধানীর বাইরে ছিলেন। তবে মৃতের শ্বশুরবাড়ির লোকজনের দাবি, মোরশেদা সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মোরশেদার বাবা মোশাররফ হোসেন অভিযোগ করেন, মোরশেদার শাশুড়ি ও ননদ মিলে মোরশেদাকে শ্বাস রোধ করে হত্যা করেছে। মোরশেদা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁর স্বামী মাহবুব উর রশীদ বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী। তাঁদের রাইয়ান নামে দেড় বছরের একটি সন্তান রয়েছে।