বাড্ডায় ছুরিকাঘাতে তরুণ খুন কাফরুলে যুবক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মেরুল বাড্ডায় গত রোববার ভগ্নিপতির ছুরিকাঘাতে মোহাম্মদ স্বপন হোসেন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এদিকে গতকাল সোমবার সকালে রাজধানীর কাফরুলে চাঁদার দাবিতে নির্মাণাধীন একটি ভবনের তত্ত্বাবধায়ককে গুলি করেছে সন্ত্রাসীরা।এ বিষয়ে নিহতের মামা আবদুর রহিম বাদী হয়ে একটি মামলা করেছেন।পুলিশ জানায়, স্বপনের বোন জান্নাতুল ইসলামের সঙ্গে তিন-চার বছর আগে মনির হোসেন নামের এক ব্যক্তির বিয়ে হয়। মনির মাদকাসক্ত হওয়ায় দেড়-দুই বছর ধরে পৃথক থাকা শুরু করেন জান্নাতুল। কয়েক দিন ধরে জান্নাতুলকে ফিরে পাওয়ার চেষ্টা করছিলেন মনির। কিন্তু তাঁর বাড়ির লোকজন বিশেষ করে নিহত স্বপন বিষয়টি মেনে নিতে পারছিল না।মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) অহিদুল ইসলাম বলেন, এ নিয়ে রোববার বিকেলে পশ্চিম মেরুল বাড্ডায় স্বপনের সঙ্গে মনিরের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মনির ও তাঁর সঙ্গীরা স্বপনকে প্রথমে মারধর ও পরে ছুরিকাঘাত করেন। আহত স্বপনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।নিহতের বোন জান্ন্নাতুল ইসলাম বলেন, কয়েক বছর আগে মনিরের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু কয়েক দিন ধরে মনির আবারও তাঁকে নিতে চাইছিলেন। এ ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিল স্বপন। এ কারণেই তাঁকে হত্যা করা হয়েছে।চাঁদার দাবিতে গুলি: পুলিশ জানিয়েছে, চাঁদার দাবিতে কাফরুলের একটি নির্মাণাধীন ভবনে ঢুকে তত্ত্বাবধায়ককে গুলি করেছে সন্ত্রাসীরা। ডান পায়ের গোড়ালিতে গুলিবিদ্ধ অবস্থায় তত্ত্বাবধায়ক দিদারুল ইসলামকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দিদারের ভাই সাদেকুর রহমান জানান, দিদার ২১৭ পূর্ব কাফরুলের বড়বাড়ি মসজিদের পাশে একটি আবাসন প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের তত্ত্বাবধায়ক। তিনি নির্মাণাধীন ভবনের একটি অস্থায়ী কক্ষে সব সময় থাকতেন। গতকাল সকাল ছয়টার দিকে চার-পাঁচজন যুবক ওই ঘরে ঢুকে তাঁকে ঘুম থেকে টেনে তোলেন। এরপর দিদারের পায়ে গুলি করেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, চাঁদার দাবিতে আতঙ্ক তৈরির জন্য সন্ত্রাসীরা এমনটি করেছে বলে ধারণা করা হচ্ছে।