বাড্ডায় বাসচাপায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর বাড্ডায় গতকাল সোমবার বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পরে বিক্ষুব্ধ জনতা অনাবিল পরিবহনের ওই বাসটিতে আগুন লাগিয়ে দেয়। এ সময় ওই পথে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল।
নিহত যুবকের নাম রনি। বয়স আনুমানিক ৩২ বছর। তাঁর কাছে থাকা মুঠোফোনের সূত্র ধরে পুলিশ এসব তথ্য জানতে পেরেছে। রনি পরিবার নিয়ে দক্ষিণ বাড্ডায় থাকতেন। নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর লাশ গ্রহণ বা শনাক্ত করতে কেউ মর্গে আসেনি।
বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, প্রগতি সরণির উত্তর বাড্ডায় অনাবিল পরিবহনের একটি বাস পথচারী রনিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি রামপুরার দিকে যাচ্ছিল। এরপর উত্তেজিত জনতা বাসটির কিছু কাচ ভাঙচুর করে ও ভেতরে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের কয়েকটি আসন পুড়ে গেছে। এই দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই বাসের আগুন নিভে যায়।