বাড্ডায় সড়ক দুর্ঘটনায় চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ইলিয়াস ঢালী (৫১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ইলিয়াস পেশায় গাড়িচালক।

ইলিয়াসের গ্রামের বাড়ি বরিশাল। তিনি বাড্ডায় আলাতুন্নেসা স্কুল গলিতে পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর এক ছেলে ও দুই মেয়ে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হারুন উর রশীদ বলেন, ইলিয়াস ঢালী বেসরকারি কোম্পানিতে গাড়ি চালিয়ে সংসার চালিয়ে আসছিলেন। রোববার রাতে তিনি বাসার বাইরে বাইসাইকেল নিয়ে বের হন। তিনি যখন বাড্ডার প্রগতি সরণির ইউলুপ মোড়ে পৌঁছান, তখন পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়।

ঘটনাস্থলে গুরুতর আহত ইলিয়াসকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত তিনটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।