বাণিজ্য মেলা থেকে ২৩ নারী-পুরুষ গ্রেপ্তার
রাজধানীর শেরেবাংলা নগরের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে চোর ও পকেটমার সন্দেহে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরেবাংলা নগর থানার সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বাইরে ও ভেতরের এক নম্বর ফটকের দক্ষিণ-পূর্ব দিকে অভিযান চালিয়ে চোর সন্দেহে ২৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১৬ জন নারী ও সাতজন পুরুষ রয়েছে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমীন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃতরা পকেটমার। তারা বাণিজ্য মেলার ভেতর ও বাইরে নারী-পুরুষকে লক্ষ্য করে পিছু নেয়। সুযোগ বুঝে তাদের কাছ থেকে মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ কেড়ে নেয়। এ ছাড়া তারা আবার ক্রেতা সেজে বাণিজ্য মেলার স্টল থেকে থান কাপড় চুরি করে ব্যাগে ভরে বাইরে নিয়ে কম দামে বিক্রি করে। পুলিশ জানায়, গতকাল গ্রেপ্তার হওয়া ২৩ জনের প্রত্যেককে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।