বাণিজ্য মেলায় গাড়ি পার্কিং ও বিকল্প সড়কের নির্দেশনা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ যানবাহন চলাচল ও পার্কিং বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে। নির্দিষ্ট পার্কিং ফি দিয়ে দর্শনার্থীরা যানবাহন রেখে মেলায় ঘোরার সুযোগ পাবেন।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, যাঁরা মিরপুর সড়ক হয়ে মেলায় আসবেন, তাঁদের রেসিডেনসিয়াল মডেল কলেজের উল্টো পাশের রাস্তায় উঠে গণভবন হাইস্কুল ক্রসিং পার হয়ে ঢুকতে হবে। গাড়ি রাখতে হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২ নম্বর গেটের পাশের খালি জায়গা পার্কিং-২-তে। যাঁরা নিজেদের গাড়িতে গাবতলী, মোহাম্মদপুর ও আশপাশ এলাকা থেকে মেলায় আসবেন, তাঁরা শিশুমেলা ক্রসিং হয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোডে উঠবেন। তাঁদের ঢুকতে হবে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট দিয়ে। তাঁদের গাড়ি রাখতে হবে পার্কিং-৩-তে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও র্যাব-২ অফিসের সামনে সরকারি কলোনি মাঠ এই পার্কিংয়ের অংশ।
পল্লবী-কাজীপাড়া-শেওড়াপাড়া ও আশপাশ এলাকা থেকে যাঁরা মেলায় আসবেন, তাঁদেরও র্যাব-২ অফিসের সামনে সরকারি কলোনি মাঠে ও পাশে পুলিশ যে মাঠ নির্ধারণ করে দিয়েছে, সেখানে গাড়ি রাখতে হবে। এই অংশটি পার্কিং-৩ ও ৪। এসব এলাকা থেকে আসা দর্শনার্থীদের আগারগাঁও লাইট ক্রসিংয়ে মোড় নিয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট দিয়ে এ পার্কিংয়ে ঢুকতে হবে।
যাঁরা উড়োজাহাজ ক্রসিং হয়ে মেলায় আসবেন, তাঁরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ও নির্বাচন কমিশন সচিবালয়ের মাঝখানের রাস্তা দিয়ে মেলায় ঢুকবেন।
মোটরসাইকেল নিয়ে যাঁরা মেলায় আসবেন, তাঁরা বিআইসিসির পশ্চিম পাশের ফাঁকা জায়গা, ‘ট্রাফিক কমান্ড সেন্টার’-এর সামনে এবং পিডব্লিউডি অফিসের ভেতরে ফাঁকা জায়গায় পার্ক করে মেলায় প্রবেশ করবেন।
মেলা থেকে বের হওয়ার সময়ও নিয়ম মানার অনুরোধ করেছে পুলিশ। মেলার ১ নম্বর পার্কিং থেকে বের হওয়ার সময় যানবাহনগুলোকে পিডব্লিউডি ক্রসিং হয়ে শেরেবাংলা নগর শিক্ষা প্রকৌশল ভবন ডানে রেখে বেগম রোকেয়া সরণি হয়ে বের হতে হবে। মেলার ২ নম্বর পার্কিং থেকে বের হওয়ার সময় গণভবন স্কুল ক্রসিং, কৃষি বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়ক হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশের মিরপুর রোড দিয়ে বের হতে হবে। যাঁরা মেলার ৩ ও ৪ নম্বর পার্কিংয়ে গাড়ি রাখবেন, তাঁরা শ্যামলী-আগারগাঁও লিংক রোড হয়ে মিরপুর রোড বা বেগম রোকেয়া সরণি ব্যবহার করে বের হতে পারবেন।
সরকারি ছুটির দিনে খামারবাড়ি থেকে আগারগাঁও লাইট ক্রসিং পর্যন্ত রিকশা, ভ্যানগাড়ি, ঠেলাগাড়িসহ অযান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে নির্দেশ জারি করেছে পুলিশ। যানবাহন নিয়ন্ত্রণের জন্য শুক্র ও শনিবারসহ সরকারি ছুটির দিন আগারগাঁও লিংক রোড (নতুন সড়ক) ব্যবহার করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ক্রসিং হয়ে মেলায় ঢোকা যাবে না। যাঁরা সড়ক ব্যবহার করে থাকেন, তাঁদের আগারগাঁও লাইট ক্রসিং হয়ে মেলায় ঢোকার অনুরোধ করেছে পুলিশ।
বিকল্প সড়ক
বাণিজ্য মেলা চলার সময় মেলার আশপাশের এলাকায় বসবাসকারী এবং সরকারি-বেসরকারি দপ্তরের গাড়ি ও শুধু মেলায় এসেছে এমন গাড়ি ছাড়া সব যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে পুলিশ। বিকল্প সড়ক হলো, বিআইসিসি ক্রসিং থেকে গণভবন স্কুল হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্রসিং পর্যন্ত। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ নতুন সড়ক (পশ্চিম মাথা) ও সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ গেট থেকে গণভবন স্কুল হয়ে পিডব্লিউডি ক্রসিং হয়ে বিআইসিসি পর্যন্ত এবং শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট থেকে শিক্ষা প্রকৌশল ক্রসিং ও প্যারেড স্কয়ার হয়ে রোকেয়া সরণি ক্রসিং পর্যন্ত। বিজ্ঞপ্তি