বাণিজ্য মেলায় ভেজাল খাদ্যের ছড়াছড়ি
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও ফাস্টফুডের দোকানে ভেজাল খাদ্যের ছড়াছড়ি। এ রকম কিছু দোকানে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট দুই লাখ ছয় হাজার টাকা জরিমানা করেছেন।গতকাল বুধবার অধিদপ্তরের একটি পরিদর্শন দল ওই অভিযান চালায়। অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান এবং ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. শাহ্ আলম ওই অভিযানে নেতৃত্ব দেন। সহায়তা করে র্যাব।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আরেকটি দল গতকাল মগবাজারে অভিযান চালিয়ে চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে (দুটি ফার্মেসি ও দুটি রেস্তোরাঁ) মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে রাইসা ফার্মেসি, শিমুল ফার্মেসি, দি কস্তুরী ও ক্যাফে তাজ।অধিদপ্তরের উপসচিব সৈয়দ আহম্মদের নেতৃত্বে অভিযান ওই চালনো হয়। অভিযানে র্যাব-৩-এর একটি দল সহায়তা করে।বিএসটিআই: রাজধানীর রামপুরায় দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন বিএসটিআইয়ের একটি ভ্রাম্যমাণ আদালত। অবৈধ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে ওই দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে গতকাল ওই জরিমানা করা হয়। এর মধ্যে শিলাইদা ডেইরির ব্যবস্থাপক মিনহাজুল ইসলামকে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কালাম ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক আতাউর রহমানকে অবৈধ পণ্য উৎপাদন ও বিতরণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতকে মহানগর পুলিশ এবং বিএসটিআইয়ের কর্মকর্তারা সহায়তা করেন।