বাণিজ্য মেলায় সারিকা পার্কে আনন্দে মেতেছে ওরা

রাজধানীর অন্যান্য পার্কে রাইডে চড়তে ওদের বারণ করা হয়। কিন্তু ঢাকার শেরেবাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্যমেলার সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ড পার্কে নেই কোনো বাধা। সেই সুযোগ পেয়ে পার্কটিতে আনন্দে মেতে উঠছে অটিস্টিক শিশু, তা-ও আবার বিনা মূল্যে। এই সুযোগ পেয়ে সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ড পার্কে অন্য শিশুদের মতো ওদের মুখে ফুটে উঠেছে অবিরাম হাসি।
এ কারণে বাণিজ্য মেলার সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ড পার্কে অটিস্টিক শিশুদের ভিড় কমছেই না। অন্য শিশুদের মতো তারা মা-বাবার হাতে হাত ধরে এখানে হাজির হচ্ছে। উপভোগ করছে নির্মল আনন্দ। সব মিলিয়ে মেলায় শিশুদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এদের মধ্যে অটিস্টিক শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মেলায় প্রবেশ করে বাম দিকে এলেই রয়েছে সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ড পার্ক। সম্প্রতি এই পার্কে দেখা গেল, মা-বাবার হাত ধরে উচ্ছল আনন্দে মেতে উঠছে শিশুরা। অটিস্টিক শিশুরাও হয়েছে সবার সঙ্গী। উল্লাস দেখে এই শিশুরাও তাদের মা-বাবার কাছে পার্কের রাইডগুলোতে চড়ার বায়না করছে।
কয়েকজন অভিভাবক জানান, তাঁরা সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ড পার্কে বিনা মূল্যে অটিস্টিক শিশুদের রাইডে চড়তে দেওয়ার খবর পেয়ে সন্তানদের নিয়ে এসেছেন।
সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ড পার্কে মোহাম্মদপুরের সেফ হোফ নামের একটি অটিস্টিক ইনস্টিটিউটের প্রায় ৫০ জন অটিস্টিক শিশু এসেছিল। সবার মতো এই শিশুরাও মেতে ওঠে হাসি-আনন্দে।
সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ড পার্কের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান পলাশ বলেন, পার্কে অটিস্টিক শিশুদের বিনা মূল্যে রাইডে ওঠার কথা অনেকেই জানতেন না। তবে প্রচারের কারণে খবর পেয়ে পার্কে বেড়াতে আসছেন। অন্যান্য শিশুর মতো বিনোদনের সুযোগবঞ্চিত থাকায় অটিস্টিক শিশুদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।