বাণিজ্যিক গ্রাহকদের জন্য পানির দাম বাড়তে পারে
ব্যাণিজ্যিক গ্রাহকদের জন্য পানির দাম বাড়ানোর প্রস্তাব করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিআরডি)। রাজধানীর পানির সংকট মোকাবিলাসহ আয় বাড়ানোর লক্ষ্যে মন্ত্রণালয় থেকে এসব সুপারিশ শিগগির ওয়াসার কাছে পাঠানো হবে বলে সূত্র জানিয়েছে।জানা যায়, খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয় সম্প্রতি পানির সমস্যা সমাধানে বেশ কিছু সুপারিশ পাঠিয়েছে। এগুলো বিবেচনা করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ ব্যাপারে ওয়াসাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।সুপারিশে ভবিষ্যতে মিল-কারখানা, বড় ধরনের হাউজিং, অফিস ও প্রতিষ্ঠানে নিজস্ব পানি উত্তোলনের ব্যবস্থা নির্মাণ নকশার মধ্যে নিশ্চিত করতে বলা হয়েছে। তা ছাড়া অবৈধ সংযোগের জন্য শাস্তি এবং বারবার একই অপরাধ করলে পানির বৈধ লাইন বন্ধ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।জানা যায়, বাণিজ্যিক ক্ষেত্রে পানির দামে ভর্তুকি বন্ধ করে প্রকৃত মূল্য নেওয়া বা অতিরিক্ত মূল্যে পানি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া অপচয় রোধে সব ট্যাপ সংযোগস্থলে পাইপের ব্যাস কমিয়ে আনা এবং ডিসিসির পানিবাহী ৩১টি গাড়ির ঢাকনা মেরামত করতে বলা হয়েছে। ডিসিসির আরও ৪০টি গাড়িকে পানিবাহী গাড়িতে রূপান্তর করা, রাস্তার পাশে ওয়াসার পানির কল ব্যবস্থাপনার জন্য স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা নেওয়া, ওয়াসার পাম্পে যাতে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ থাকে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।চিঠিতে আরও বলা হয়েছে, দরিদ্র মানুষের পানির চাহিদা নিশ্চিত করতে হবে। যেসব দরিদ্র মানুষ ওয়াসার পানির সংযোগ পাচ্ছে না, তালিকা তৈরি করে তাদের পানি সরবরাহ করতে হবে। এ ক্ষেত্রে জলাধার নির্মাণ ও পাইপের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করার কথা বলা হয়েছে। পানির বিলের ক্ষেত্রে সিলিং নির্ধারণ করারও সুপারিশ করা হয়েছে।সূত্রমতে, ঢাকা ওয়াসার মোট উত্তোলিত পানির ৩০ শতাংশই অপচয় হয়। অর্থাৎ দৈনিক ২৫০ কোটি লিটার চাহিদার বিপরীতে উত্তোলিত ১৯৪ কোটি লিটার পানির প্রায় ৫৮ কোটি লিটার অপচয় হয়।ওয়াসা সূত্র জানায়, পানির ঘাটতি মেটাতে ওয়াসা স্বল্পমেয়াদি প্রকল্পে চলতি মৌসুমেই ৪৫টি নতুন গভীর নলকূপ বসিয়েছে এবং ৫২টি প্রতিস্থাপন করেছে। এ ছাড়া ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়িয়ে ঘাটতি মেটানোর ওপর জোর দেওয়া হচ্ছে।জানা যায়, ওয়াসার পানির গাড়িগুলোর মধ্যে ১৯টি পুরোনো। পুরোনো গাড়ির অনেকগুলোরই ঢাকনা বন্ধ হয় না। এ কারণে গন্তব্যে যাওয়ার সময় এসব গাড়ি থেকে রাস্তায় পানি পড়ে যায়। বেইলী রোডে ওয়াসার নিয়ন্ত্রণকক্ষের সামনের রাস্তায় গাড়ি থেকে পড়া পানির চিহ্ন দেখা যায় নিয়মিত। ওয়াসার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, এক হাজার ৮০০ গ্যালন পানি ধারণক্ষমতার গাড়ি গন্তব্যে পৌঁছার পর হয়তো দেড় হাজার গ্যালন অবশিষ্ট থাকে।জানতে চাইলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান প্রথম আলোকে জানান, পানির সমস্যা সমাধানে ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসা কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নিজস্ব উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সুপারিশ ও পরামর্শ অনুযায়ী পানির সংকট মোকাবিলার চেষ্টা অব্যাহত থাকবে। এর জন্য অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই মুুহূর্তে পানির খুব একটা সংকট নেই বলে জানান তিনি।