বিজয়নগরে অবস্থিত সেন্ট্রাল ল কলেজের জমিতে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বাণিজ্যিক ভবন নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।
প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন দেখে হাইকোর্টে এ রিট আবেদনটি দায়ের করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী পারভীন সুলতানা। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আহমদ সোহেল ও জিয়াউর রহমান। ভূমি মন্ত্রণালয়ের সচিব, ঢাকার জেলা প্রশাসক (ডিসি), কলেজের অধ্যক্ষসহ মোট ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সেন্ট্রাল ল কলেজের জন্য ইজারা নেওয়া সরকারি জমিতে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য চুক্তি বিষয়ে গত ২৮ জানুয়ারি প্রথম আলোতে ‘কলেজের জন্য ইজারা নেওয়া
জমিতে বাণিজ্যিক ভবন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এই জমিটির বাজারমূল্য প্রায় ৬০ কোটি টাকা বলে জানা গেছে।
বিজয়নগরে সাড়ে ১০ কাঠা (দশমিক ১৭৯০ একর) জায়গায় সেন্ট্রাল ল কলেজটি অবস্থিত। সরকারি নথিতে দেখা গেছে, জমিটি ঢাকা জেলা প্রশাসনের ১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। তবে ১৯৬৬ সালে কলেজ করার জন্য পূর্ব পাকিস্তান সরকার নামমাত্র দামে কলেজকে ৩০ বছরের জন্য জমিটি ইজারা দেয়। ১৯৯৯ সালের ৯ মে ওই ইজারার মেয়াদ শেষ হয়। এরপর কলেজের অধ্যক্ষ খন্দকার সামসুদ্দিন ওই জায়গার ইজারা বৃদ্ধি এবং নিজের নামে নামজারির জন্য ঢাকা জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে আবেদন করেন।