বাধাহীন গতির এক মনোরম সড়ক
উদ্বোধনের পর এখনো ঝাঁ চকচকে, পরিচ্ছন্ন। সড়ক অথচ ব্যস্ত রাজধানীর পরিচিত যানজটের ঝক্কি নেই। ভিড় আর ধূলিধূসরিত নগরে রীতিমতো মনোরম পরিবেশ। বিকেলে বেড়ানোর স্থান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠেছে।এটি মহানগর ঢাকার পরিবহনব্যবস্থা উন্নয়ন কার্যক্রমের সর্বশেষ সংযোজন ‘জিল্লুর রহমান উড়ালসড়ক’। প্রায় দুই কিলোমিটার (এক হাজার ৭৯৩ মিটার) দীর্ঘ উড়ালসড়কটি মিরপুরের মাটিকাটা থেকে শুরু হয়ে শেষ হয়েছে বিমানবন্দর সড়কে অবস্থিত র্যাডিসন হোটেলের উল্টোদিকে। মিরপুর এলাকা থেকে দ্রুত বিমানবন্দর সড়কে যাওয়ার ক্ষেত্রে বিরাট সুবিধা এনে দিয়েছে এটি। চারলেনের উড়ালসড়কটি বিমানবন্দর সড়কে মিশেছে দুই ভাগ হয়ে। এক ভাগ চলে গেছে বিমানবন্দরের দিকে। অন্য ভাগটি সংযোগ সেতুর মাধ্যমে বনানী রেলক্রসিংয়ে নির্মিত উড়ালসড়কে মিশেছে। ফলে মিরপুর থেকে আসা যানবাহন অনায়াসে বিমানবন্দর ও মহাখালীর দিকে যেতে পারছে। একই রকম স্বচ্ছন্দে এই দুই দিকের যানবাহন মিরপুরে ঢুকতে পারছে। ২৭ মার্চ যান চলাচলের জন্য খুলে দেওয়া এই উড়ালসড়ক দিয়ে এ পর্যন্ত বাস চলতে দেখা যায়নি। ব্যক্তিগত গাড়ি, কার, অটোরিকশা, মোটরসাইকেলসহ হালকা যানবাহনই বেশি চলছে। মিরপুর মাটিকাটায় যেখানে উড়ালসড়কটি নেমেছে, সেখান থেকেই প্রশস্ত সড়ক চলে গেছে ১২ নম্বরের দিকে। গতকাল রোববার এ প্রতিবেদককে মোড়ের দোকানদার ইছা মিয়া বললেন, দেখতে সুন্দর এবং যানজট নেই বলে অনেক লোক বেড়াতে আসছেন এখানে। বিকেলে দেখা গেল, প্রচুরসংখ্যক মানুষ পরিবার-পরিজন নিয়ে বেড়াতে এসেছেন।পরিবারের সদস্যদের নিয়ে মিরপুরের কালসী থেকে বেড়াতে এসেছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘বাচ্চাদের নিয়ে বেড়ানোর জায়গা পাওয়া যায় না। এ জন্যই এখানে আসা।’ মিরপুর-৬ নম্বরের ক্ষুদ্র ব্যবসায়ী আবদুর রশিদ অটোরিকশায় করে যাচ্ছিলেন বারিধারায়। সেখানে তাঁর জুতার দোকান আছে। তিনি বলেন, এত দিন আগারগাঁও হয়ে বারিধারায় যেতেন। উড়ালসড়ক হওয়ায় যখন-তখন আসা-যাওয়া করতে পারছেন। এই পথে এখনো বাস চলাচল না করায় নগরবাসী পুরো সুবিধা পাচ্ছে না বলে মত দিলেন তিনি।অটোরিকশাচালক আবদুল কাদের বলেন, উড়ালসড়ক হয়ে মিরপুর-১২ নম্বর থেকে বিমানবন্দর যেতে তাঁর এক ঘণ্টারও কম সময় লাগছে। আগারগাঁও ঘুরে গেলে দূরত্ব ও যানজটের কারণে কয়েক ঘণ্টা সময় ব্যয় হতো। তবে অংশত এ উড়ালসড়কের কারণেই গতকাল রোববার বিকেলে মহাখালী-বিমানবন্দর সড়কের কাকলী, বনানী ও কুড়িলে দীর্ঘ যানজট হয়। ট্রাফিক পুলিশের একাধিক সদস্য জানান, সব সময়ই এই জায়গাগুলোতে যানজট হয়। উড়ালসড়ক চালু হওয়ার পর যান চলাচল বেড়ে যাওয়ায় আশপাশে চাপ কিছুটা বেড়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের অধীন ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন উড়ালসড়ক প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রকল্পের ঠিকাদার ছিল মীর আক্তার অ্যান্ড কোম্পানি লিমিটেড। নির্ধারিত সময়ের তিন মাস আগেই উড়ালসড়কটি চালু হয়েছে। এই প্রকল্পের আওতায় জিল্লুর রহমান উড়ালসড়ক, সংযোগ সেতু এবং বনানী রেলক্রসিংয়ের ওপর আরেকটি উড়ালসড়ক নির্মিত হয়েছে। সবগুলো প্রকল্পের ব্যয় ৩৬০ কোটি ১৬ লাখ টাকা।