বাবর রোডের বাসিন্দাদের রাস্তা সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তৃপক্ষের উদাসীনতায় এলাকাবাসী বাধ্য হয়ে নিজেরাই নিজেদের চলাচলের রাস্তা সংঘবদ্ধভাবে মেরামত করছেন—দেশের গ্রামগঞ্জ থেকে কখনো কখনো এ রকম খবর পাওয়া যায়। মহানগর ঢাকায় এ রকম উদ্যোগের খবর বিরল। তেমনই একটি বিরল উদ্যোগ নিয়েছেন মোহাম্মদপুরের বাবর রোডের বাসিন্দারা। মোটেই শখের বশে নয়। তাঁরা বাধ্য হয়েই এই উদ্যোগ নিয়েছেন। বেশ কিছুদিন ধরেই রাস্তাটির একেবারে বেহাল দশা। দীর্ঘদিনের সংস্কারহীনতা ও অবহেলায় রাস্তাটিতে এমন সব গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছিল যে, কোনো যানবাহনের চালকই সেখানে যেতে চাইতেন না। বাসিন্দাদের মধ্যে যাঁদের গাড়ি আছে, তাঁরাও ওই রাস্তায় ঢোকার আগে গাড়ি থেকে নেমে হেঁটে যেতেন। কিছুদিন হলো রাস্তাটিতে হাঁটাও হয়ে পড়ে অসম্ভব। আর বৃষ্টি হলে তো কথাই নেই। রিকশায় করে যাওয়ার সময় প্রচণ্ড ঝাঁকুনিতে অনেক যাত্রীর ছিটকে পড়ার ঘটনাও ঘটেছে। কিন্তু রাস্তাটি সংস্কারের জন্য সরকার বা সিটি করপোরেশনের কোনো উদ্যোগ ছিল না। অবশেষে এলাকাবাসী নিজেরাই রাস্তাটির একটি অংশ ঠিক করলেন। এ জন্য যে টাকা খরচ হয়েছে, তাও দিয়েছেন এলাকাবাসীই।গতকাল শনিবার সরেজমিনে বাবর রোডে গিয়ে দেখা যায়, নর্থ সাউথ মেডিকেল সেন্টারের সামনের রাস্তায় বড় একটি অংশজুড়ে ইটের টুকরো ফেলানো হয়েছে। রাস্তাটি সংস্কারের উদ্যোগের সঙ্গে জড়িত এলাকার ব্যবসায়ী সবুজ মিয়া প্রথম আলোকে বলেন, ‘রাস্তাটি অনেক দিন ধরেই ঠিক করা হচ্ছিল না। অনেক গর্ত ছিল। প্রায়ই দেখি যাতায়াতের সময় রিকশা থেকে যাত্রী পড়ে যায়। এ অবস্থায় কয়েক দিন আগে আমরা কয়েকজন মিলে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিই। পাঁচ দিন আগে আমরা কাজ শুরু করি। দুই দিন আগে কাজ শেষ হয়েছে। এই কাজের জন্য যে টাকা লেগেছে, সেটি পার্শ্ববর্তী একটি বেসরকারি প্রতিষ্ঠানসহ কয়েকজন মিলে দিয়েছেন।’সবুজ মিয়া বলেন, পাশেই একটি ভবন ভাঙা হচ্ছে। সেই ভবনের ভাঙা ইট এনে রাস্তায় ফেলে রাস্তাটি সংস্কার করা হয়েছে। পাশের একটি ভবনের দুজন নিরাপত্তাকর্মীসহ তাঁরা কয়েকজন এই সংস্কারকাজ করেছেন। তাঁদের সহায়তা করেছেন যে ট্রাক দিয়ে ইটের টুকরোগুলো আনা হয়েছে, সেই ট্রাকের শ্রমিকেরা। সবুজ মিয়া বলেন, ‘আশা করছিলাম বৃষ্টি হোক, যাতে ইটের টুকরোগুলো রাস্তার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এখন বৃষ্টি হওয়ায় ভালোই হলো (যখন সবুজ মিয়ার সঙ্গে কথা হচ্ছিল, তখন বৃষ্টি হচ্ছিল)। না হলে নিজেরাই পানি দিতাম।’এই রাস্তার আশপাশের লোকজন জানান, রাস্তাটি এতই খারাপ ছিল যে সংস্কার না করলে চলাচলই প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। নিজেরা যেটুকু কাজ করা হয়েছে তাতে এখন কোনোমতে চলা যাবে। তাঁরা বলেন, এই কাজটি করার কথা ছিল সরকারের বা সিটি করপোরেশনের। সরেজমিনে দেখা গেছে, মোহাম্মদপুর ও শ্যামলী এলাকার বেশির ভাগ রাস্তার অবস্থাই এখন বেহাল। খানাখন্দে ভরা। কিছু রাস্তা চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। হরহামেশাই ঘটছে রিকশা থেকে পড়ে যাওয়াসহ ছোটখাটো দুর্ঘটনা। কিন্তু সংস্কারের উদ্যোগ নেই। এ জন্য এলাকাবাসী অত্যন্ত বিরক্ত ও ক্ষুব্ধ। এলাকাবাসী জানান, ভোটের আগে সবাই ভালো ভালো কথা বলেন। কিন্তু পাস করার পর সবাই তা ভুলে যান। ভবিষ্যতে তারাও ভোটের সময় এসব বিষয় মনে রাখবেন।