বাবরের পক্ষে জেরা সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ভারপ্রাপ্ত কমিশনার এস এম মিজানুর রহমানকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে জেরা গতকাল সোমবার শেষ হয়েছে। সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ বাকি আসামিদের পক্ষে জেরার জন্য ২৩ ও ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ দিন ধার্য করেন।লুৎফুজ্জামান বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদার প্রশ্ন করেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার পর বিচারপতি জয়নুল আবেদীন তদন্ত করেছিলেন, তা আপনি জানেন?’ জবাবে সাক্ষী এস এম মিজানুর রহমান বলেন, ‘আমি জানি না।’‘তদন্ত কর্মকর্তা ফজলুল কবীরের কাছে জবানবন্দিতে বলেন, আপনি জবানবন্দিতে বলেছেন, লুৎফুজ্জামান বাবরের নির্দেশে গ্রেনেড ধ্বংস করা হয়েছিল। আপনার এ কথা মিথ্যা। হামলায় অবিস্ফোরিত গ্রেনেডগুলো ধ্বংস করা জরুরি ছিল। তাই বাবর সাহেবের নির্দেশ ছাড়াই সেনাবাহিনীর সদস্যরা তা ধ্বংস করেছেন’ —আইনজীবীর এ কথার জবাবে মিজানুর রহমান বলেন, ‘বাবরের নির্দেশেই গ্রেনেড ধ্বংস করা হয়েছিল।’ রাষ্ট্রপক্ষে ছিলেন এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আবু আবদুল্লাহ ভূইয়া ও আকরাম উদ্দিন। এ মামলায় কারাগারে আটক আসামিদের মধ্যে লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু, আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ ২৬ জনকে আদালতকে হাজির করা হয়। জামিনে থাকা সাত আসামিও ছিলেন। তারেক রহমানসহ ১৯ জন পলাতক।